জাতীয়

দায়িত্বের ৬ মাসে জনতার মুখোমুখি মসিক প্রশাসক

দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে নগরীর সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে জনতার মুখোমুখি হয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর টাউন হল অডিটোরিয়ামে প্রথমবারের মতো এ প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক নাগরিকের প্রশ্নের জবাব দেন মসিক প্রশাসক।

নাগরিকদের প্রশ্নের জবাবে রুকুনোজ্জামান রোকন বলেন, সিটি করপোরেশনের নাগরিক সেবার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে যানবাহন নিয়ন্ত্রণেও ডিজিটাল কার্যক্রম চালুর চেষ্টা করা হবে।

যানজট নিরসন ও ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় এখনো পূর্ণাঙ্গ সফলতা আসেনি স্বীকার করে প্রশাসক বলেন, নগরবাসীর সহযোগিতায় যানজট সহনীয় পর্যায়ে আনতে অবৈধ যান নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলার জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ের দুর্নীতির অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। প্রমাণের ভিত্তিতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। তবে ঢালাওভাবে সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব নয়।

নতুন ভবন নির্মাণ ও অনুমোদনের বিষয়ে প্রশাসক বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি করপোরেশনকে অবহিত করতে হবে। ড্রেন ও রাস্তার জন্য নির্ধারিত জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে। ভবন অনুমোদনের দায়িত্ব কার হবে, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা বাস্তবায়ন করা হবে।

নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, প্রতিষ্ঠানটির জনবল কাঠামো এখনো পূর্ণাঙ্গ হয়নি। বর্তমানে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষটি।

নাগরিকদের প্রশ্নের জবাবে মসিক প্রশাসক আরও জানান, নগরীর অসমাপ্ত রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ আগামী মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। দায়িত্ব নেওয়ার ছয় মাসে নগরবাসীর ওপর কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। তবে নতুন ভবন নির্মাণ করা হলে নিয়ম অনুযায়ী ট্যাক্স দিতে হবে।

অনুষ্ঠানে মসিক সচিব সুমনা আল মজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কৃষিবিদ হেলাল উদ্দিন, চিকিৎসক নেতা ডা. মোহাম্মদ আলী, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং প্রায় দেড় সহস্রাধিক নাগরিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 


সম্পর্কিত খবর