রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির গুলশান জোনের ডিসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশের ভাষ্য, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে আশপাশের জমির মালিকদের বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে একদল লোক হামলা চালায়। ওই স্থাপনাতেই সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল।
হামলায় স্টুডিওর বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। পরে সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে চাঁদাবাজির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি জমি নিয়ে বিরোধের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার প্রকৃত কারণ ও এর পেছনে কারা জড়িত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
অন্যদিকে সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানানোর পর স্টুডিওতে হামলা চালানো হয়। তবে তার এ অভিযোগের সমর্থনে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং হামলার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি