জাতীয়

আইডিআরএতে শূন্য হচ্ছে একের পর এক সদস্য পদ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে গত ২২ সেপ্টেম্বর আইডিআরএর সদস্য (আইন) তানজিনা ইসমাইলও পদত্যাগপত্র জমা দেন। ফলে নতুন করে চার সদস্য নিয়োগের দুই বছরেরও কম সময়ের মধ্যে সংস্থাটিতে আবারও সদস্য পদে পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থমন্ত্রী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর আবু বকর সিদ্দিক ও তানজিনা ইসমাইলের পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করা হবে। এরপর শূন্য পদগুলোতে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আপেল মাহমুদের পদত্যাগের সম্ভাবনা আইডিআরএর সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদেরও শিগগির পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি পদত্যাগ করলে কর্তৃপক্ষের চার সদস্যের মধ্যে তিনটি পদই শূন্য হয়ে যাবে।

আবু বকর সিদ্দিক ও তানজিনা ইসমাইলের পদত্যাগ কার্যকর হলে সদস্য (নন-লাইফ) ও সদস্য (আইন) পদ শূন্য হবে। আপেল মাহমুদও পদত্যাগ করলে সদস্য (লাইফ) পদটিও শূন্য হবে। তখন চার সদস্যের মধ্যে শুধু সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক বহাল থাকবেন।

২০২৪ সালে নিয়োগ পেয়েছিলেন চার সদস্য
আইডিআরএর বর্তমান সদস্যদের নিয়োগ দেওয়া হয় ২০২৪ সালের ডিসেম্বরে। এর আগে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ২০২৪ সালের ৭ নভেম্বর সংস্থাটির চার সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান পদত্যাগ করেন।

পরে ২০২৪ সালের ২ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আইডিআরএর সদস্য (লাইফ), সদস্য (নন-লাইফ), সদস্য (প্রশাসন) ও সদস্য (আইন) পদে চারজনকে নিয়োগ দেয়।

নিয়োগ পাওয়া চারজন হলেন—সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ, সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এবং সদস্য (আইন) তানজিনা ইসমাইল।

তাঁদের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নিয়োগের দুই বছরেরও কম সময়ের মধ্যে একের পর এক সদস্যের পদত্যাগের ঘটনায় আইডিআরএতে নতুন করে সদস্য নিয়োগের প্রয়োজন দেখা দিয়েছে।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 


সম্পর্কিত খবর