জাতীয়

তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়ার প্রত্যয়: প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে উত্তরাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ শহর রংপুর ও রাজশাহী সফরের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, কৃষকের অর্থনৈতিক সুরক্ষা, আঞ্চলিক উন্নয়ন, পানির ন্যায্য হিস্যা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুরে পৌঁছে সড়কপথে রংপুরে যান তিনি। সেখানে ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মন্দিরের উন্নয়নে অনুদান দেওয়ার পর রাজশাহীতে গিয়ে কৃষকদের প্রণোদনা বিতরণ ও জনসভায় বক্তব্য দেন সরকারপ্রধান।

দিনব্যাপী এই সফরে একদিকে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, অন্যদিকে কৃষি, সেচ, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা, ঐক্য এবং গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন, নির্ধারিত সময়সীমা এবং প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছানোর বিষয়গুলোই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

  • রংপুরে মন্দির পরিদর্শন, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি ও ১০ লাখ টাকা অনুদান
  • রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার প্রণোদনা ঘোষণা কার্যকর
  • তিস্তা-পদ্মায় ব্যারাজ, ২০ হাজার কিলোমিটার খাল খনন, হাসপাতালের শয্যা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি

সৈয়দপুর থেকে রংপুর: সড়কের দুই পাশে মানুষের ভিড়, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি
এদিন সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাসে করে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন সরকারপ্রধান।

পথে সৈয়দপুর, তারাগঞ্জ ও পাগলাপীরসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যাত্রাপথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে বাস থামান প্রধানমন্ত্রী। পরে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন।

এতে উচ্ছ্বসিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং খেলার সামগ্রী উপহার দেন। অধ্যক্ষ আরও জানান, এ সময় কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের অনুরোধ জানানো হয়। দাবিগুলো লিখিতভাবেও প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে।

পাগলাপীরে সম্প্রীতির বার্তা: ‘এই দেশটা আমাদের’
রংপুরের পথে পাগলাপীর এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতার সময় সব ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে লড়াই করেছিলেন। একইভাবে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান তিনি।

সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ যেদিন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেদিন থেকে খেটে খাওয়া মানুষের থাকার চেষ্টা করেছি। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা করে কৃষি ঋণ মওকুফ করে তাদের কৃষি কার্ড, ফ্যামেলি কার্ড চালু করেছি। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় গুরুদের জন্য ভাতার ব্যবস্থা করেছি।’

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব চলছে। শারদীয় দুর্গাপূজা উৎসব। দেশ স্বাধীনের সময় সব ধর্ম-বর্ণের মানুষ যেভাবে মিলে দেশকে স্বাধীন করেছে, তেমন করেই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে গড়তে চাই। তাই প্রতিজ্ঞা হোক, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বাংলাদেশে আছি, এ দেশটা আমাদের। তাই সবাই মিলে পরিশ্রম করে এই দেশকে গড়ে তুলব প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে। এই হোক আমাদের আজকের প্রত্যাশা।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে জাতীয় ঐক্য ও নাগরিক অংশগ্রহণের ওপর গুরুত্ব উঠে আসে। বিশেষ করে দুর্গোৎসবের মতো একটি ধর্মীয় উৎসবে রাজধানীর বাইরে গিয়ে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে হিন্দু সম্প্রদায়ের মানুষ ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, এই সফর রংপুর নগরীকে আলোকিত করবে এবং সম্প্রীতির বার্তা আরও বিস্তৃত করবে।

রাধা গোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ১০ লাখ টাকা অনুদান
ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্দির কমিটির সদস্যরা তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের অনুরোধে সেলফি তোলেন। পরে মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মন্দিরের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মন্দিরের উন্নয়নে আরও পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে উদ্যোগী হওয়ার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব এলাকায় সমানভাবে উন্নয়ন করতে চায়। তিনি বলেন, ‘বর্তমান সরকার সবার জন্য। তাই রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা আছে তা বিবেচনা করে সমবণ্টনের ভিত্তিতে দেশের সব এলাকার উন্নয়ন সমানভাবে কাজ করতে চাই। এ কারণে সম্প্রতি রংপুর মহানগরের উন্নয়নের জন্য একনেকের সভায় ১৮০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।’

রংপুর জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে স্কুল-কলেজের অবকাঠামো, সেতু, কালভার্ট, ব্রিজ ও সড়ক উন্নয়নে স্থানীয় সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো পর্যায়ক্রমে গড়ে তোলা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও রাষ্ট্রের উন্নয়নের সুফল ভোগ করতে পারেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘রংপুর জেলার বিভিন্ন উপজেলাগুলোর গ্রামগুলোতে স্কুল-কলেজের অবকাঠামো, সেতু, কালভার্ট, ব্রিজ ও সড়ক উন্নয়নে স্থানীয় সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেগুলো দরকার সেগুলো পর্যায়ক্রমিকভাবে গড়ে তোলা হবে। যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও রাষ্ট্রের সুফল ভোগ করতে পারে। এই কাজগুলো করতে হলে ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে চলতে হবে। আমরা সবাই সবার হাত ধরে সামনে এগিয়ে যেতে চাই এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।’

মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও রাজনৈতিক ঐক্যের আহ্বান
মন্দিরে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন ধর্ম, মত ও পেশার মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশ স্বাধীনের সময় আমরা কিন্তু কোনো ধর্ম দেখিনি। বিভিন্ন ধর্ম ও মতের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। ঠিক একইভাবে দেশ স্বাধীনের পরে যখন বিভিন্ন সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল, মানুষ রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে নেমে এসেছিল। যেসব মানুষ নেমে এসেছিল তাতে সব ধর্মের মানুষই ছিল। সকল মতপথ ও পেশার মানুষ ছিল।’

তিনি আরও বলেন, ‘একইভাবে যে স্বৈরাচার চেপে বসেছিল তাকে দেশ থেকে বিদায় করতে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষ প্রতিটি পেশার মানুষ রাজপথে সেদিন নেমেছিল তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এই দেশটি সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে চলছে শান্তিতে। আমরা একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই।’ রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন ঐক্যের ডাক দিয়েছি, তখন একটি মহল বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আজকে পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, অতীতে মুক্তিযুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছিল, কিন্তু সেই ফলাফলটা খুব শুভ হয়নি। বাংলাদেশের মানুষ সেই ফলাফল ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে আমরা দেখেছি চব্বিশের ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, কোন কোন মহল বিতর্কিত করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রপ্রেমী জনগণের পক্ষ থেকে বলতে চাই, দয়া করে আপনারা কেউ ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না। আপনাদের কিছু বলার থাকলে, কিছু তুলে ধরার থাকলে সংসদে তুলে ধরুন। সেখানে ভালোটা গ্রহণ করা হবে। তারপরও বাইরে স্কুল, কলেজ, চাকরি ও জনগণের ব্যবসা বাণিজ্যের ব্যাঘাত ঘটাবেন না।’ এ বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক বিতর্ক সংসদে উপস্থাপন, জনজীবনে বিঘ্ন না ঘটানো এবং মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে দায়িত্বশীল আলোচনার ওপর জোর দেন।

রংপুর সফর শেষে রাজশাহীর পথে
রংপুর ধর্মসভায় বক্তব্য ও মন্দির পরিদর্শন শেষে রাজশাহী যাওয়ার জন্য সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে মঙ্গলবার বেলা ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর। দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বাইরে তিন বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এই সফর আয়োজন করা হয়।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, মহানগর বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্যসচিব পরিতোষ চক্রবর্তীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহীতে আখচাষিদের জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার প্রণোদনা
রাজশাহীতে পৌঁছে কৃষকদের সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চবিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে কম্পিউটারের বোতাম চেপে অর্থ সংশ্লিষ্ট কৃষকদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রম শুরু করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেব। চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আখচাষি ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘সরকার আখচাষিদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। আমি আশা করছি কৃষকদের এ সহযোগিতা তাদের আখ চাষে সহায়তা করবে।’

এরপর ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপেন প্রধানমন্ত্রী। এ সময় জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষ সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেওয়া হয়। তাঁরা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। জনসভায় সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষদের উপস্থিতিও ছিল।

কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার এ উদ্যোগকে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে সহায়তার পদক্ষেপ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে এই অর্থ কৃষকদের উৎপাদন ব্যয়, আখের ন্যায্যমূল্য এবং বাজার ব্যবস্থাপনায় কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে সহায়তার কার্যকর ব্যবহার ও কৃষি খাতের অন্যান্য সমস্যার সমাধানের ওপর।

তিস্তা-পদ্মায় ব্যারাজ, ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরাঞ্চলের পানিসংকট, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থা উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে। পানির ন্যায্য হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবেন। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশ আমাদের, এ দেশ আমাদেরই গড়তে হবে। বিদেশ থেকে কেউ এসে দেশ গড়ে দেবে না। কুচক্রী মহল সজাগ হওয়ার চেষ্টা করছে। উন্নয়নের গতিকে কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের স্লোগান, করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।’ বিএনপি কৃষিকে দেশের অর্থনীতির ভিত্তি হিসেবে বিবেচনা করে উল্লেখ করে তিনি বলেন, আট মাস আগে নির্বাচনী জনসভাগুলোতে সরকার গঠন করলে কৃষকদের জন্য কী কী উদ্যোগ নেওয়া হবে, তা তুলে ধরা হয়েছিল। এর মধ্যে কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি অন্যতম।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সাত দিনের মাথায় ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষক কার্ড কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক ও বড় কৃষকদের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্তত একটি ফসলের জন্য সার, বিষ ও কীটনাশক সরবরাহের চেষ্টা করা হবে, যাতে কৃষকদের কষ্ট লাঘব হয়।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা বিমা করতে পারবেন, ব্যাংকঋণ নিতে পারবেন এবং আবহাওয়া সম্পর্কেও তথ্য জানতে পারবেন। এ কার্ডে ১০টি সুবিধা থাকবে বলে জানান তিনি। কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে তারেক রহমান বলেন, উত্তরাঞ্চল দেশের শস্যভান্ডার হলেও এ অঞ্চলের কৃষকেরা পানির সংকটে ভোগেন। শহীদ জিয়াউর রহমানের সময়ে বরেন্দ্র প্রকল্প নেওয়া হয়েছিল। বিএনপি নির্বাচনে জয়ী হলে খাল ও নদী খনন শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল।

তিনি জানান, ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে এবং এর মধ্যে ৮ হাজার কিলোমিটার খননের কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এ উদ্যোগের ফলে মানুষ পানি ও সেচের সুবিধা পাবে এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ হবে। তিস্তা ও পদ্মায় ব্যারাজ নির্মাণ, খাল খনন এবং কৃষক কার্ডের মতো উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি ও সেচব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে এসব পরিকল্পনার ক্ষেত্রে প্রকল্পের অর্থায়ন, কারিগরি সম্ভাব্যতা, আন্তসীমান্ত পানিবণ্টন, বাস্তবায়নের সময়সীমা এবং কৃষকদের কাছে সুবিধা পৌঁছানোর স্বচ্ছতা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

রাজশাহীর হাসপাতালগুলোতে শয্যা ২ হাজার ৫০০ করার প্রস্তাব
স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়েও জনসভায় কথা বলেন প্রধানমন্ত্রী। রাজশাহীর হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে স্থানীয় নেতাদের প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে শয্যাসংখ্যা ১ হাজার ৩০০। সেটি ২ হাজার ৫০০-তে উন্নীত করার প্রস্তাব এসেছে। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের সরকার এবং পাঁচ বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ৩০ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। ১৯৯১ সালে খালেদা জিয়া আরও ২০ শয্যা বাড়িয়ে সেটিকে ৫০ শয্যায় উন্নীত করেন। এবার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামের মা-বোনদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। বিএনপি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। কিডনি রোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের এ পরিকল্পনায় হাসপাতালের শয্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং জরুরি সেবার সক্ষমতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। কারণ, শুধু শয্যাসংখ্যা বাড়ালেই মানুষের চিকিৎসা পাওয়ার সমস্যা পুরোপুরি সমাধান হয় না।

ডায়ালাইসিসের ওষুধের দাম কমানো, বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থান
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে বাজেট উপস্থাপন করা হয়েছে। ডায়ালাইসিসের ওষুধের দাম কমানো হয়েছে এবং হৃদ্‌রোগের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের ওপর কর কমানো হয়েছে। জনগণের জন্য বিএনপি কাজ করছে বলেও দাবি করেন তিনি। কর্মসংস্থান সৃষ্টির প্রসঙ্গে তারেক রহমান জানান, চিকিৎসাসেবার পাশাপাশি ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে থাকা প্রায় ৪৬টি কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ বেকার না থাকে।

তিনি বলেন, সরকার দেশের নিরাপত্তা বাড়ানো, বন্ধ কারখানা চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছে। বেকারত্বের অভিশাপ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে, যাতে বেকার মানুষের কর্মসংস্থান হয়। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কয়েকটি দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সরকারের কাজ বাধাগ্রস্ত করতে চাইছে। তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত না হলে জনগণই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, যারা এ ধরনের কর্মসূচি গ্রহণ করতে চায়, তারা কি জনগণের বন্ধু? তারা জনগণের বন্ধু নয়। এ বক্তব্যে কর্মসংস্থান ও বিনিয়োগের সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে বন্ধ কারখানা পুনরায় চালু করার উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করবে কারখানাগুলোর আর্থিক অবস্থা, উৎপাদন সক্ষমতা, বাজার চাহিদা, বিনিয়োগ এবং শ্রমিকদের কর্মপরিবেশের ওপর।

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, মেয়েদের অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার পরিকল্পনা
পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খাল খননের পাশাপাশি পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের বিরোধিতা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, উদ্যোগগুলো বাস্তবায়িত না হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে।

শিক্ষার বিষয়ে তারেক রহমান বলেন, খালেদা জিয়া মা-বোনদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করেছিলেন। বিএনপি মেয়েদের অনার্স পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভালো ফল করলে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, শুধু শিক্ষা দিলেই হবে না, মেয়েদের স্বাবলম্বী হতে হবে। এই পরিকল্পনার লক্ষ্য হিসেবে নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানো এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ বাস্তবায়নে অর্থায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা এবং শিক্ষার মান নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ফ্যামিলি কার্ডে আর্থিক সহায়তা, আত্মনির্ভরশীল পরিবার গড়ার প্রত্যয়
নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতির কথাও জনসভায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ কার্ডের মাধ্যমে পরিবারগুলোর কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে, যা সংসারের কাজে লাগবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, এই সহায়তা ব্যবহার করে পরিবারগুলো পুঁজি গড়ে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করতে পারবে। এর ফলে পুরো বাংলাদেশ আত্মনির্ভরশীল হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত না হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারকে সরাসরি সহায়তা দেওয়ার পরিকল্পনা সামাজিক সুরক্ষা ও পারিবারিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। এ ধরনের কর্মসূচির কার্যকারিতা নির্ভর করবে উপকারভোগী নির্বাচন, সহায়তার পরিমাণ, নিয়মিত অর্থপ্রদান এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের প্রকৃত চাহিদা পূরণের ওপর।

বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা, একাত্তর ও চব্বিশের চেতনার কথা
জনসভায় জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একটি দল এসব উদ্যোগ চায় না এবং জনগণ আর তাদের কথায় বিশ্বাস করে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, বিএনপি একাত্তর ও চব্বিশের চেতনাকে ধারণ করে। এ কারণেই দলটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং আহত ব্যক্তিদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, একটি দল মুখে চব্বিশের চেতনার কথা বললেও সংশ্লিষ্ট অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে তাদের কোনো প্রতিনিধি ছিল না। তাঁর অভিযোগ, তারা চব্বিশের আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। মুখে এক কথা বলছে, কাজে করছে আরেকটি। প্রধানমন্ত্রী বলেন, জনগণ স্থিতিশীলতা ও কর্মসংস্থান চায়। বিএনপির স্লোগান, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ তিনি আরও বলেন, তারা মিথ্যা কথা বলে টিকিট বিক্রির চেষ্টা করেছিল। এখন সচেতন হওয়ার সময় এসেছে। আজ থেকেই সবাইকে সচেতন হতে হবে, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সন্ধানী বার্তা/আরআই/এমকে 


সম্পর্কিত খবর