আইন

জেলা ম্যাজিস্ট্রেটের আপত্তির পরও ইনুকে ডিভিশন-১ দেওয়ার নির্দেশ

জুলাই বিপ্লবে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে ডিভিশন-১ দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার এ-সংক্রান্ত নির্দেশনা গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি কারা মহাপরিদর্শক এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপারের কাছেও পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছেন হাসানুল হক ইনু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কারাবিধি অনুযায়ী তাঁর অনুকূলে ডিভিশন-১ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কারাগার সূত্র জানায়, এর আগে গত ১৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ইনুকে ডিভিশন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া গত ৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন পাঠান।

প্রতিবেদনে বলা হয়, ইনুর স্ত্রী আফরোজা হকের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি অনুযায়ী তাঁকে ডিভিশন দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাওয়া গিয়েছিল। তবে ইনুর দণ্ডের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত ৩০ জুন কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। পরে গত ৫ জুলাই তাঁকে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ অক্টোবর ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে কেরানীগঞ্জ কারাগারে থাকাকালে ইনু ডিভিশন-১-এর সুবিধা ভোগ করছিলেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত হওয়ায় কারাবিধির ৬১৭(১) অনুযায়ী তাঁকে ডিভিশন দেওয়া সমীচীন হবে না বলে মত দেন গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট।

জেলা ম্যাজিস্ট্রেটের ওই প্রতিবেদনের পরও রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে চিঠি দিয়ে ইনুকে ডিভিশন-১ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।

ডিভিশন-১ পেলে যেসব সুবিধা পাবেন

কারা কর্তৃপক্ষের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য কারাগারে বিশেষ কিছু সুযোগ-সুবিধা নির্ধারিত রয়েছে। ডিভিশন-১ কার্যকর হলে ইনু খাটসহ পৃথক কক্ষে থাকার পাশাপাশি টেবিল, চেয়ার, তোশক, বালিশ ও অন্যান্য বিছানাপত্র পাবেন।

এ ছাড়া সাধারণ বন্দিদের তুলনায় উন্নত ও পৃথক খাবার, ব্যক্তিগত ব্যবহারের জন্য তেল, চিরুনি ও আয়নার মতো সামগ্রী এবং পড়াশোনা ও বিনোদনের সুযোগ পাবেন তিনি। বই ও সংবাদপত্র পড়ার সুবিধার পাশাপাশি সহায়তার জন্য একজন পুরুষ বন্দি রাখার ব্যবস্থাও থাকতে পারে। বিশেষ অনুমতি সাপেক্ষে স্বজনদের সঙ্গে কারা কর্তৃপক্ষের কার্যালয়ে সাক্ষাতের সুযোগও পাবেন তিনি।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর