শিক্ষা

দেশের সব ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল

সারা দেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি এবং অ্যাডহক কমিটি বাতিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে দ্রুত নতুন কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্তে কমিটি বাতিল
অফিস আদেশে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সব ফাজিল ও কামিল মাদরাসার বিদ্যমান গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩-এর সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে।

সভাপতি হিসেবে মনোনয়ন পেলেন জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক
নতুন কমিটির সভাপতি হিসেবে মাদরাসার অবস্থান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা সদরে অবস্থিত মাদরাসার সভাপতি হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, জেলা সদরের বাইরে অবস্থিত মাদরাসার ক্ষেত্রে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক।

বিদ্যোৎসাহী সদস্য হবেন শিক্ষা কর্মকর্তারা
অ্যাডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবেও জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে ফাজিল ও কামিল মাদরাসাগুলোর নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ
অফিস আদেশে সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে নির্ধারিত ফরমে বিধি অনুযায়ী অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব দ্রুত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলা হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে মাদরাসাগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হবে।

সন্ধানী বার্তা/এমএএইচ/এসএ


সম্পর্কিত খবর