খেলা

২৭২ উইকেটের তাইজুলকে সম্মান জানালেন সমর্থকরা

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাইজুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিসিএসএর পক্ষ থেকে তাঁকে অফিসিয়াল জার্সি ও ক্যাপও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসএর সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, সহসভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম।

সমর্থকদের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তাইজুল। বিসিএসএর প্রশংসা করে তিনি বলেন, দেশে কিংবা বিদেশে, মাঠে যেখানেই খেলেন না কেন, সমর্থকদের উপস্থিতি তাঁরা সবসময় দেখতে পান। সমর্থকরা না থাকলে তাঁদের পারফরম্যান্সের পূর্ণতা আসে না বলেও মন্তব্য করেন তিনি।

তাইজুল আরও বলেন, সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই ভালো খেলার অন্যতম অনুপ্রেরণা। ভবিষ্যতেও সমর্থকদের এভাবেই জাতীয় দলের পাশে থাকার আহ্বান জানান তিনি।

৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২ উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুল। গত বছরের নভেম্বরে সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের রেকর্ড ছাড়িয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

টেস্টে তাইজুলের বোলিং রেকর্ডও বেশ সমৃদ্ধ। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৯ বার। এ ছাড়া ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তাঁর দুইবার।

২০১৪ সালে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয় তাইজুলের। এরপর এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করছেন এই বাঁহাতি স্পিনার।

টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তাইজুল। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ওয়ানডেতে তাঁর শিকার ৩১ উইকেট। দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন একটি উইকেট।

ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন ধরে নিয়মিত পারফর্ম করে আসছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেটসংখ্যা ৫৩৭। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ২১৪ উইকেট এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর শিকার ৯৩ উইকেট।

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত একটি অলাভজনক সংগঠন। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সক্রিয় সমর্থনে কাজ করে আসছে সংগঠনটি।

তাইজুলকে দেওয়া এই সম্মাননার মাধ্যমে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার ও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অবদানের প্রতি সমর্থকদের ভালোবাসা ও স্বীকৃতিই তুলে ধরা হলো।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর