খেলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ কোহলির

ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলির জন্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হতে পারে শেষ বিশ্বকাপ। জিয়োস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।

আগামী বছর অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তিন দেশের ১২টি ভেন্যুতে বসবে বিশ্ব ক্রিকেটের এই বড় আসর।

নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে কোহলি বলেন, আগামী বছরের বিশ্বকাপের আগে নিজের সেরাটা দিতে তিনি মুখিয়ে আছেন।

২০২৭ সালের বিশ্বকাপ হবে কোহলির ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার ভারতের হয়ে খেলেন তিনি। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেবার বিশ্বকাপও জেতে ভারত।

এরপর ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে খেলেছেন কোহলি। চারটি বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে এবার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পথে রয়েছেন তিনি।

বিশ্বকাপে কোহলির ব্যক্তিগত রেকর্ডও বেশ সমৃদ্ধ। টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০২৩ সালের বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি।

২০২৩ বিশ্বকাপে ১১ ম্যাচে কোহলি করেছিলেন ৭৬৫ রান। ওই আসরে তিনটি শতক ও ছয়টি অর্ধশতকও আসে তাঁর ব্যাট থেকে। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ভারতের হয়ে এখন পর্যন্ত ৩১৪টি ওয়ানডে খেলেছেন কোহলি। এসব ম্যাচে তাঁর সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান। ওয়ানডেতে তাঁর রয়েছে ৫০টির বেশি শতকসহ অসংখ্য রেকর্ড।

২০২৭ বিশ্বকাপ সামনে রেখে তাই কোহলির দিকে থাকবে ক্রিকেটপ্রেমীদের বিশেষ নজর। বয়স ও ক্যারিয়ারের সময় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হতে পারে।

তবে বিশ্বকাপের আগে কোহলি নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন এবং ভারতীয় দলে তাঁর ভূমিকা কী হয়, সেটিই এখন দেখার বিষয়।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর