খেলা

২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত থাকতে পারেন বিশ্বকাপজয়ী কোচ

লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগের মধ্যেই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো বড় সুখবর। বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও স্কালোনির মধ্যে এ নিয়ে আলোচনা শুরুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাপিয়া ও স্কালোনির একটি ছবি প্রকাশ করে এএফএ জানিয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির চুক্তি নবায়নের বিষয়ে দুই পক্ষের আলোচনা শুরু হয়েছে।

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে আরও একটি বড় আন্তর্জাতিক শিরোপা জেতানো এই কোচের ভবিষ্যৎ নিয়ে এর আগে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্বকাপ ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন তিনি।

তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই অনিশ্চয়তা অনেকটাই কাটতে শুরু করেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত স্কালোনির সঙ্গে দুই বছরের চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পারফরম্যান্স সন্তোষজনক হলে পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হতে পারে।

নতুন চুক্তি এখনো চূড়ান্ত না হলেও আসন্ন তিনটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনিই থাকছেন। চলতি মাসের ৩০ তারিখ বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর আগামী মাসের ৩ তারিখ বুরকিনা ফাসো এবং ৬ তারিখ বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। ফলে ম্যাচটিকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলাদা আবেগ তৈরি হয়েছে।

একই সঙ্গে স্কালোনির নতুন স্কোয়াডে ভবিষ্যতের আর্জেন্টিনা দলের একটি সম্ভাব্য রূপরেখাও দেখা যাচ্ছে। নিয়মিত তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দলে ডেকেছেন তিনি।

স্কোয়াডে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন গোমেজ ও একি ফার্নান্দেজের মতো তরুণরা। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদাও।

২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে দলটি একের পর এক সাফল্য পেয়েছে। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

এখন মেসির পরবর্তী অধ্যায় এবং নতুন প্রজন্মকে নিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনায় স্কালোনির ভূমিকা কতটা দীর্ঘ হয়, সেটিই দেখার বিষয়। এএফএর সঙ্গে চলমান চুক্তি নবায়নের আলোচনা সেই ভবিষ্যতেরই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর