এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে বড় হার বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতির দল এবার ১১৪ রানের ব্যবধানে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে।
টস জিতে আগে ব্যাট করে শেফালী ভার্মার ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে ভারত। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করা শেফালী ১০০ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৯টি ছক্কা।
জবাবে ভারতের বোলিংয়ের সামনে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একমাত্র দিলারা আক্তার ২৩ বলে ২৭ রান করে কিছুটা লড়াই করেন। তবে অন্য ব্যাটাররা দাঁড়াতে না পারায় ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।
নিগার সুলতানা জ্যোতি করেন ৯ রান। সোবহানা মোস্তারি ৪, স্বর্ণা আক্তার ৫ ও শারমিন আক্তার করেন ১০ রান।
ফলে ১১৪ রানের বড় হারে এশিয়ান গেমসের ফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।
এবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
সন্ধানী বার্তা/এসএ