রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন উপ-অঞ্চল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে নিজেদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে।
সন্ধানী বার্তা/এমএসআইপি