বিনোদন

মেকানিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ইমরান আহমেদ আর নেই

হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। স্ত্রী ও একমাত্র মেয়েকে রেখে গেছেন এই সংগীতশিল্পী।

ইমরান আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত হন ইমরান। এরপর থেকে নিয়মিত চিকিৎসা চলছিল তার। তবে গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

২০০৫ সালে যাত্রা শুরু করে হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’। ব্যান্ডটির প্রথম লাইনআপের সদস্য ছিলেন ইমরান আহমেদ। গিটার হাতে ব্যান্ডটির শুরুর সময়ের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

২০০৭ সালে ‘ডি রকস্টার’-এর দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে অংশ নিয়ে আরও পরিচিতি পান ইমরান। পরের বছর, ২০০৮ সালে ‘মেকানিক্স’ ছাড়েন তিনি। এরপর সংগীতের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন।

ইমরান আহমেদের মৃত্যুতে দেশের হেভি মেটাল সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংগীতপ্রেমীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর