ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।
বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানান, বুধবার সীমান্ত নজরদারি অভিযানে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।
সীমান্ত পুলিশের তথ্য অনুযায়ী, বিকেলে বিস্ত্রিৎসা গ্রামের কাছে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক। এ সময় দুজনকে মানবপাচারকারী হিসেবে সন্দেহ করা হয়।
এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৮ জন আফগান, ১৩ জন বাংলাদেশি এবং দুজন পাকিস্তানি নাগরিক।
আটক অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে দেশটির ফরেনার্স অ্যাফেয়ার্স সার্ভিসের বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে অবহিত করা হয়েছে।
ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ।
তথ্যসূত্র: সিনহুয়া
সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি