জাতীয়

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য ডেপুটি হাইকমিশনের বিশেষ নির্দেশনা

কলকাতা ভ্রমণের আগে বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতায় গত ১৯ আগস্ট সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে আবাসন ব্যবস্থায় কিছুটা পরিবর্তন এসেছে। এ পরিস্থিতিতে চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশিদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নিয়ে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

ডেপুটি হাইকমিশন জানায়, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার পাশাপাশি হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে হবে।

চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যাওয়া রোগীর সফরসঙ্গীদের ক্ষেত্রেও আগে থেকেই হোটেল বুকিং নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বুকিংয়ের বৈধতা, কক্ষের প্রাপ্যতা, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতার স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এ অবস্থায় কলকাতায় গিয়ে আবাসন সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করেছে ডেপুটি হাইকমিশন।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি


সম্পর্কিত খবর