জাতীয়

কুয়েতে বাংলাদেশিদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান

কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের সামরিক স্থাপনা ও এর আশপাশের এলাকা থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি দেশটির সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া মিসাইল ও ড্রোন হামলা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ না করার জন্যও প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড কিংবা শেয়ার না করার জন্যও প্রবাসীদের অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

নিরাপত্তার স্বার্থে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি


সম্পর্কিত খবর