দেশজুড়ে

চার খুনের তদন্তে নতুন তথ্যের খোঁজে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ দফায় তাদের প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

বেলা ১১টা ১০ মিনিটে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী দুই আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বেলা ২টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তদন্ত কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম দফায় সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত সোমবার রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক রফিকুল ইসলাম তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, আলোচিত চার খুনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং তদন্তকারীরা রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে রয়েছেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সন্ধানী বার্তা/এএএন/এমএসআইপি


সম্পর্কিত খবর