পুলের জলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ পর্যন্ত একক আধিপত্য বাংলাদেশ নৌবাহিনীর। গতি, দক্ষতা আর ধারাবাহিক পারফরম্যান্সের সমন্বয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে দলটি। চার দিনের প্রতিযোগিতা শেষে ৩৪টি স্বর্ণসহ মোট ৭৩টি পদক নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নৌবাহিনী। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ‘ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৬’।
- চার দিনের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেনাবাহিনীকে পেছনে ফেলে শিরোপা জয়
- ৩৪ স্বর্ণে নৌবাহিনীর বাজিমাত, তৃতীয় বিকেএসপি
- চার দিনের আসরে অংশ নেন প্রায় ৮০০ প্রতিযোগী
পদক জয়ের লড়াইয়ে নৌবাহিনীর দাপট
পদক তালিকায় নৌবাহিনীর সাফল্য ছিল চোখে পড়ার মতো। ৩৪টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জসহ মোট ৭৩টি পদক জিতে শীর্ষস্থান দখল করে দলটি। প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৬টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জসহ তাদের সংগ্রহ ৬৪টি পদক। অন্যদিকে ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বিকেএসপি।

এক মঞ্চে দেশের সাঁতারের প্রতিভারা
গত ২৮ অক্টোবর শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া প্রতিষ্ঠান ও বাহিনীর প্রায় ৮০০ খেলোয়াড় ও কর্মকর্তা। বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশ নেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তারা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর, অংশগ্রহণকারী সাঁতারু এবং সাধারণ দর্শক।

পুলের লড়াই শেষ হলেও এই প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে এসেছে দেশের সাঁতারাঙ্গনের প্রতিভা, সম্ভাবনা ও প্রাতিষ্ঠানিক শক্তির নতুন চিত্র। আর পদক-যুদ্ধে এবার শ্রেষ্ঠত্বের মুকুট উঠল বাংলাদেশ নৌবাহিনীর মাথায়।
কালের আলো/এমএএএমকে