বিশ্বখ্যাত সুফি সংগীতশিল্পী ও কাওয়ালির কিংবদন্তি উস্তাদ নুসরাত ফতেহ আলি খানের জন্মদিন উপলক্ষে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’। তাঁর কালজয়ী গান, অসাধারণ কণ্ঠ এবং বিশ্বসংগীতে অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করেছে উম্মিদ ইভেন্টস।
শুক্রবার (২৩ অক্টোবর)রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই সংগীতসন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’। আয়োজকদের প্রত্যাশা, সুফি সংগীত ও কাওয়ালির আবহে সন্ধ্যাটি সংগীতপ্রেমীদের জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠবে।
সুফি সংগীত ও কাওয়ালির ঐতিহ্য তুলে ধরবে আয়োজন
বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব পরিবেশনা ও সুফি সংগীতের প্রতি গভীর অনুরাগের মাধ্যমে পরিচিতি পেয়েছে ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’। দেশীয় সংগীতের আবহে সুফি ও কাওয়ালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যান্ডটি শ্রোতাদের ভিন্নধর্মী সংগীতের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে আসছে।
‘শাম-ই-নুসরাত’ আয়োজনেও ব্যান্ডটির পরিবেশনার মধ্য দিয়ে সুফি সংগীতের আধ্যাত্মিক আবেদন ও কাওয়ালির ঐতিহ্য তুলে ধরা হবে। নুসরাত ফতেহ আলি খানের সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর শিল্পকর্মের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় আরও গভীর করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
থাকছে শায়েরি, কাওয়ালি ও সুফি নৃত্য
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘শাম-ই-নুসরাত’ সংগীতসন্ধ্যায় থাকবে উদ্বোধনী পর্ব, ব্র্যান্ড পরিচিতি পর্ব, শায়েরি, সুফি কাওয়ালি পরিবেশনা ও সুফি নৃত্য। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্টল ও বিশেষ ফটো বুথের ব্যবস্থাও রাখা হবে।
আয়োজক প্রতিষ্ঠান উম্মিদ ইভেন্টস জানিয়েছে, নুসরাত ফতেহ আলি খানের জন্মদিন এবং সংগীতে তাঁর চিরন্তন অবদান উদ্যাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের প্রত্যাশা, অনুষ্ঠানটি শুধু একটি সংগীতানুষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং সংগীত, সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হবে।
বিশ্বসংগীতে নুসরাত ফতেহ আলি খানের অবদান
উস্তাদ নুসরাত ফতেহ আলি খান ছিলেন সুফি সংগীত ও কাওয়ালির অন্যতম প্রভাবশালী শিল্পী। তাঁর শক্তিশালী কণ্ঠ, অনন্য গায়কী এবং আবেগঘন পরিবেশনা কাওয়ালিকে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলে।
তাঁর অসংখ্য গান ও সংগীত পরিবেশনা আজও বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে সমাদৃত। সুফি সংগীতের আধ্যাত্মিক ভাবনা ও ঐতিহ্যকে আধুনিক সংগীতের পরিসরে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।
‘শাম-ই-নুসরাত’-এর মধ্য দিয়ে সেই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন বাংলাদেশের সংগীতপ্রেমীরা। ‘ক্বারার—দ্য সুফি ব্যান্ড’-এর পরিবেশনায় সন্ধ্যাটি কাওয়ালি ও সুফি সংগীতের আবহে দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন আয়োজকেরা।
সন্ধানী বার্তা/এসএ