স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৭৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত বা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া সাত শিশুর মধ্যে তিনজন সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮ শিশুর।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৩ জন। একই সময়ে ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে। একই সময়ে ২ লাখ ৫ হাজার ২৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এদিকে, ওই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮২ হাজার ৪৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, হাম ও এর উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু এবং নতুন রোগী শনাক্তের ধারাবাহিকতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর