ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচির আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) তার বাসভবনের বাইরে থেকে দিল্লি পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যরা তাকে আটক করেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও পাঁচজনকে তার বাসভবনের বাইরে থেকে আটক করা হয়েছে।
মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দাবি, আটক ব্যক্তিদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করার মধ্যেই এ ঘটনা ঘটে।
এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। তবে দিল্লি পুলিশ কর্মসূচিটির অনুমতি দেয়নি। তা সত্ত্বেও নির্ধারিত সময়েই বিক্ষোভ করার ঘোষণা দিয়েছিল দলটি।
বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে উড়োজাহাজে নয়াদিল্লি আসেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাদের ফ্লাইট অবতরণের পরপরই তাদের আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিমান থেকে আটকের ঘটনাটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দিল্লি পুলিশের সদস্যদের বিমানে প্রবেশ করে তাকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে নিয়ে যেতে দেখা যায়।
এদিকে, সিজেপি নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। ৩২ বছর বয়সী এই ইউটিউবারকে শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অভিযান চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং আটকের পর তাকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি