শিক্ষা

হঠাৎ প্রেসে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবই ছাপার কাজ

নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই করতে কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ‘ফরাজী প্রেস অ্যান্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) পূর্বঘোষণা ছাড়াই প্রেসটি পরিদর্শনে যান তিনি। এ সময় পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।

এ সময় তিনি বলেন, নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

পরিদর্শনের সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর