অর্থনীতি

সাশ্রয়ী আবাসন নির্মাণে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন নির্মাণে বাংলাদেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪০ হাজার পরিবার পাবে ঋণ

এডিবির ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর আওতায় এ অর্থায়ন করা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং যোগ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে তহবিল বিতরণ করা হবে।

প্রকল্পের আওতায় পরিবারগুলো দীর্ঘমেয়াদি জামানতবিহীন ক্ষুদ্রঋণ নিয়ে ঘর নির্মাণ, মেরামত ও মানোন্নয়ন করতে পারবে। এতে বিশেষভাবে নারী উদ্যোক্তা ও সুবিধাভোগীদের অগ্রাধিকার দেওয়া হবে।

২০৩১ সালের মধ্যে লক্ষ্য পূরণ

প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা থাকবেন।

পাশাপাশি প্রকল্পটি আর্থিক ও ভূমি সাক্ষরতা বাড়ানো এবং নারীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করবে।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, মর্যাদা, সুযোগ ও সহনশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আবাসন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, বিশেষ করে নারীদের নিরাপদ ও টেকসই গৃহায়নে সহায়তার মাধ্যমে প্রকল্পটি দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

জলবায়ু অভিযোজনেও অর্থায়ন

প্রকল্পের মোট ঋণ কাঠামোর মধ্যে এডিবির জলবায়ু অভিযোজন অর্থায়ন থেকে ৪ কোটি ডলার রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ৬ লাখ ডলারের কারিগরি সহায়তা অনুদানও দেওয়া হবে।

এ অর্থায়নের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু সহনশীল আবাসন উন্নয়নের সুযোগ তৈরি হবে।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর