জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের জন্য নির্বাচনী বিধিমালা ও নির্বাচনী আইন সংশোধন করে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে না কেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি এ বিষয়ে রিটটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী বলেন, সরকারি চাকরি ও পুলিশের ক্ষেত্রে ডোপ টেস্টের বিধান রয়েছে। একইভাবে জনগণের প্রতিনিধিত্ব করবেন এমন সংসদ সদস্য, চেয়ারম্যান ও সদস্যদের ক্ষেত্রেও মাদকাসক্তি যাচাইয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন।
তার বক্তব্য, জনগণের প্রতিনিধিত্বকারী ব্যক্তি মাদকমুক্ত থাকলে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন। এ কারণে নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত বলে তিনি মনে করেন।
আদালতের জারি করা রুলের মাধ্যমে এখন সংশ্লিষ্ট বিবাদীদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি