রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনরায় চালু করতে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, অনুদানের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত স্থাপনা কিছুটা সচল করার পাশাপাশি প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি কেনা হবে। এর মাধ্যমে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা পুনরায় চালু করা সম্ভব হবে। এ বিষয়ে ট্রাস্টি বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
জামায়াত আমির দাবি করেন, হামলার সময় পুলিশের উপস্থিতি ছিল এবং কয়েক ঘণ্টা ধরে ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি সেখানে ভাঙচুর চালিয়েছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও গডফাদারদের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়।
তিনি বলেন, প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি এলাকার দরিদ্র মানুষ, শিশু ও সন্তানসম্ভবা নারীদের স্বাস্থ্যসেবা এবং টিকাদান কর্মসূচি দিয়ে আসছিল। ভাঙচুরের কারণে এখন সেটি সেবা দেওয়ার উপযোগী নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অপরাধের সঙ্গে যে দলের লোকজনই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘটনাটির সঙ্গে বিরোধী দলের কোনো সদস্য জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এমনকি তিনি নিজে জড়িত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
তিনি আরও বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি