জাতীয়

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়াই সরকারের লক্ষ্য: মীর শাহে আলম

কানাডা, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরের মতো ঢাকা গড়ার প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মতভাবে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এমন একটি ঢাকা গড়ে তুলতে চান যেখানে পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, জলাবদ্ধতা থাকবে না, খালগুলো সচল থাকবে এবং নগরবাসীর হাঁটার সুযোগ থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২৯টি ও ২৬টি খাল পরিষ্কার ও সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী খালের দুই পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ, বৃক্ষরোপণ ও হাঁটার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে ঢাকার চারপাশের পাঁচটি নদীকে আগের অবস্থায় ফিরিয়ে এনে নৌযান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খালগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে মীর শাহে আলম বলেন, শুষ্ক মৌসুমের মধ্যেই কাজ উল্লেখযোগ্য পর্যায়ে শেষ করতে হবে। খালগুলোকে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে হবে।

খালের ওপর থাকা বাঁশের সেতু প্রসঙ্গে তিনি বলেন, অল্পদিনের মধ্যে সেটি আরসিসি সেতুতে রূপান্তর করা হবে। তবে অবৈধভাবে নির্মিত কোনো সেতুকে আরসিসি করা হবে না। খাল দখল করে যারা বাড়িঘর নির্মাণ করেছেন, চলতি বছর তাদের দখল উচ্ছেদ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে খাল পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি ১৭ থেকে ১৮ শতাংশ। শুষ্ক মৌসুমে কাজ আরও জোরদার করে এ অগ্রগতি বাড়ানো হবে। সরকারি সম্পত্তি উদ্ধারে বিভিন্ন স্থানে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করা হয়েছে।

খাল দখল ঠেকাতে সিটি করপোরেশনকে সারা বছর খালগুলোর তদারকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা চেয়ে মীর শাহে আলম বলেন, শুধু সরকারের একার পক্ষে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকারের কোথাও ব্যর্থতা থাকলে জনগণের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হবে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও মোটামুটি সমাধানের দিকে রয়েছে উল্লেখ করে সরকারকে আরও কিছু সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

জিরানী খাল পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি 


সম্পর্কিত খবর