বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৭ ক্যাটাগরিতে মোট ২২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৬ থেকে ১০ গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকৌশল, আইন, ফিন্যান্স, নিরীক্ষা ও প্রটোকলসহ বিভিন্ন পদ রাখা হয়েছে। পদভেদে বেতন স্কেল ১৬ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত।
কোন পদে কত নিয়োগ
সবচেয়ে বেশি ৮১ জন নেওয়া হবে সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার পদে। এ পদের গ্রেড-৯ এবং বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।
এ ছাড়া সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) পদে ১৪ জন, সিনিয়র অফিসার (নিরীক্ষা) পদে ২০ জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২২ জন নিয়োগ দেওয়া হবে।
প্রকৌশল বিভাগের অন্যান্য পদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) ৬ জন, টেক্সটাইল ৩ জন, লেদার ২ জন, আর্কিটেকচার ৪ জন এবং মেকানিক্যাল ৭ জন নেওয়া হবে।
গ্রেড-১০-এর সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ৮ জন, মেকানিক্যাল ৯ জন, সিভিল ৩৬ জন, আর্কিটেকচার ১ জন এবং টেক্সটাইল ৪ জন নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ফিন্যান্সিয়াল এনালিস্ট ১ জন, আইন কর্মকর্তা ১ জন এবং প্রটোকল অফিসার ১ জন নেওয়া হবে।
বেতন কত
গ্রেড-৯-এর অধিকাংশ পদে বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা।
গ্রেড-১০-এর পদগুলোর বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
সবচেয়ে বেশি বেতন স্কেল রাখা হয়েছে আইন কর্মকর্তা পদের জন্য। গ্রেড-৬-এর এই পদের বেতন ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।
বয়সসীমা
প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে হিসাব করা হবে।
১ থেকে ১৭ নম্বর পর্যন্ত পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে ১৫ নম্বর পদ—আইন কর্মকর্তা—এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
যেভাবে আবেদন
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আগে আবেদন করা প্রার্থীরা তাঁদের বিদ্যমান সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।
নতুন প্রার্থীদের পছন্দের পদের পাশে থাকা ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে। এরপর পেজের নিচে থাকা ‘Register Now’ লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ‘Submit Application’-এ ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদন সম্পন্ন হওয়ার পর একটি সিভি আইডি নম্বর পাওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য এই সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি ও শেষ সময়
আবেদন ফি ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নিয়োগ ওয়েবসাইটে পাওয়া যাবে।
সন্ধানী বার্তা/এসএ