লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইনে হামলার পর ইউরোপের ক্রেতাদের আগামী অক্টোবর মাসে অপরিশোধিত তেল সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরামকো। ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারকে এ বিষয়ে জানানো হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
সাধারণত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরব থেকে তেল কেনে ইউরোপের বিভিন্ন ক্রেতা। এসব চুক্তিতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহের নিশ্চয়তা থাকে। তবে আগামী মাসে ইউরোপের ক্রেতারা সেই সরবরাহ পাবেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের ভাষ্য, সিদ্ধান্তটি ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এ বিষয়ে ব্লুমবার্গের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত সপ্তাহে হুতিদের ড্রোন হামলার পর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়। সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, কয়েক দিনের মধ্যে পাইপলাইনটির আংশিক কার্যক্রম আবার শুরু হতে পারে। তবে পুরোপুরি সচল হতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
ইউরোপের তেল শোধনাগারগুলো সাধারণত মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির মাধ্যমে সৌদি অপরিশোধিত তেল সংগ্রহ করে। বন্দরটি একটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত।
পাইপলাইন বন্ধ হওয়ার পর সৌদি আরামকোর কিছু ক্রেতা বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করছে। পোল্যান্ডের জ্বালানি কোম্পানি ওরলেন গত শুক্রবারের পর থেকে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের জন্য ১০টির বেশি দরপত্র আহ্বান করেছে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের মাসিক অয়েল মার্কেট রিপোর্টে জানিয়েছে, চলতি বছরের জুনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে।
সন্ধানী বার্তা/এম/এসআইপি