আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার সর্বোচ্চ আদালত ট্রাম্প প্রশাসনের সেই আবেদন নাকচ করে দিয়েছেন, যেখানে ডাকযোগে ভোটসংক্রান্ত বিধিনিষেধের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের নয় সদস্যের বেঞ্চে থাকা ছয় রক্ষণশীল বিচারপতির মধ্যে দুজন এই সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন।

সংখ্যাগরিষ্ঠের সঙ্গে একমত হয়ে দেওয়া মতামতে বিচারপতি ব্রেট কাভানা বলেন, দীর্ঘ মেয়াদে ট্রাম্পের পরিকল্পনাটি আইনসম্মত হতে পারে। তবে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তা বাস্তবায়নের জন্য অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের হাতে পর্যাপ্ত সময় নেই।

এরই মধ্যে নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটারদের কাছে ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো শুরু হয়েছে। ফলে নির্বাচনের এত কাছাকাছি সময়ে নতুন বিধিনিষেধ কার্যকর করা হলে ভোট পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে বলে আদালতের সিদ্ধান্তে উঠে এসেছে।

গত মার্চে ডাকযোগে ভোটের সুযোগ সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। সে সময় তিনি কোনো প্রমাণ উপস্থাপন না করেই ডাকযোগে ভোটে জালিয়াতির ঝুঁকি রয়েছে বলে দাবি করেছিলেন। আদেশ জারির পরপরই এর বিরুদ্ধে একাধিক মামলা হয়।

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে যায়। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন ও পরিচালনার ওপর ব্যাপক ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে রয়েছে; ফেডারেল সরকারের একতরফাভাবে সেই ব্যবস্থায় হস্তক্ষেপের ক্ষমতা নেই।

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তে আপাতত ট্রাম্প প্রশাসনের ডাকযোগে ভোট সীমিত করার উদ্যোগ থমকে গেল। তবে দীর্ঘ মেয়াদে নির্বাহী আদেশটির আইনগত বৈধতা নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর