দেশজুড়ে

৫০ বছরে নবম শ্রেণিতে ভর্তি, ৫৯ বছরে অনার্স পাস

বয়স যে শিক্ষার পথে কোনো বাধা নয়, তা আবারও প্রমাণ করলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বাসিন্দা বেলায়েত শেখ। ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিষয়ে অনার্স ডিগ্রি অর্জন করে তিনি সৃষ্টি করেছেন অনন্য এক দৃষ্টান্ত।

জানা গেছে, জীবনের নানা প্রতিকূলতার কারণে একসময় পড়াশোনা থেকে দূরে সরে গেলেও হার মানেননি বেলায়েত শেখ। দীর্ঘ বিরতির পর ২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে শিক্ষাজীবন শুরু করেন। এরপর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন।

সম্প্রতি অনার্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক না কেন, ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আল্লাহর রহমত থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। যারা বয়সের কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের প্রতি আমার আহ্বান—সুযোগ পেলেই আবার শিক্ষার পথে ফিরে আসুন।’

তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অর্জন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, বেলায়েত শেখের এই সাফল্য তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সন্ধানী বার্তা/এমএসআইপি 


সম্পর্কিত খবর