জাতীয়

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

চাহিদার তুলনায় সরবরাহের ক্রমবর্ধমান ঘাটতিতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে সবচেয়ে বেশি। গতকাল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় চরম বিঘ্ন ঘটছে।

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমান জানায়, তীব্র গরমে ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে ঠিকমতো পড়ালেখা করা খুব কষ্টকর হচ্ছে। কিন্তু উপায় তো নেই, পরীক্ষা তো আর বাদ দেওয়া যাবে না। রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা শরীফ সুমন জানান, গত কয়েকদিন ধরে ভয়াবহ লোডশেডিং বেড়ে গেছে। দিনে কতবার যে বিদ্যুৎ যায়-আসে তার কোনো ঠিক নেই।

চুয়াডাঙ্গার হাড়োকান্দী গ্রামের শরীফুল ইসলাম পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তিনি বলছিলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আয়রোজগার কমে গেছে। কারণ এত ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসা করে যে গাড়ির ব্যাটারিই ঠিকমতো চার্জ হয় না।

এদিকে, যুদ্ধের কারণে বেশ কিছুদিন ধরেই কৃষকরা চাহিদামতো ডিজেল পাচ্ছেন না। এর সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ফসলের উৎপাদন ঠিকমতো হওয়া নিয়ে চরম দুশ্চিন্তা এখন তাদের। ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকরা জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না। কোনো কোনো এলাকায় দিনে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।

একই চিত্র দেখা গেছে খুলনায়। সেখানকার কৃষকরা জানান, যখন পাম্প চালানো প্রয়োজন, ঠিক তখনই বিদ্যুৎ থাকছে না। এভাবে সেচকাজ ব্যাহত হতে থাকলে শেষ পর্যন্ত ধান উৎপাদন কমে যাওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।

অন্যদিকে, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে শিল্প উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুতের এই চরম অনিশ্চয়তার মধ্যে উৎপাদন সচল রাখতে হিমশিম খাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। গাজীপুরের এ জেড ফ্যাশনের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান জানান, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প উপায়ে জেনারেটর দিয়ে উৎপাদন স্বাভাবিক রাখাও মুশকিল। কারণ একে তো চাহিতামতো ডিজেল মিলছে না। তার ওপর আবার এটি অনেক ব্যয়বহুল।

সন্ধানী বার্তা/এসআর/এএএন


সম্পর্কিত খবর