এক্সক্লুসিভ

বর্জ্য ফেলনা নয়, অর্থনীতির নতুন শক্তি—বিশ্বনেতাদের ডা.জুবাইদা

বর্জ্যকে আর বোঝা হিসেবে নয়, দেখতে হবে সম্পদ হিসেবে। আবর্জনার স্তূপ থেকে তৈরি হতে পারে বিদ্যুৎ, দূষণ থেকে আসতে পারে সমাধান, আর সঠিক ব্যবস্থাপনায় বর্জ্যই হয়ে উঠতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি। এই বার্তাই বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। জলবায়ু সংকট মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনাকে বৈশ্বিক অগ্রাধিকারে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিশ্রুতির বাইরে কার্যকর উদ্যোগ ও সম্মিলিত পদক্ষেপ।

  • ঢাকায় প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ
  • ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য ১৭ লাখ ৮০ হাজার টন

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের এক বৈঠকে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরেন তিনি। ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক বৈঠকে অংশ নেন বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের স্পাউসরা।

বর্জ্য থেকে বিদ্যুৎ, নিঃসরণ কমানোর লক্ষ্য
বৈঠকে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগের কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১৭ লাখ ৮০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। এ জন্য পুনর্ব্যবহার, পুনঃচক্রায়ন, কম্পোস্টিং এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের উদ্যোগের একটি বড় দৃষ্টান্ত হিসেবে তিনি তুলে ধরেন ঢাকায় বাস্তবায়নাধীন ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প। এ প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি। অর্থাৎ নগরের প্রতিদিনের বর্জ্যকে বিদ্যুতে রূপান্তরের পাশাপাশি পরিবেশের ওপর চাপ কমানোর পথ খুঁজছে বাংলাদেশ।

প্লাস্টিকের বিকল্প হিসেবে বিশ্বমঞ্চে সোনালি আঁশ
শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, প্লাস্টিক দূষণ মোকাবিলায় বাংলাদেশের পাটকেও বিশ্বমঞ্চে তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে কপ-৩১-এর গ্রিন জোনে স্থাপিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য বিশ্বনেতাদের স্পাউসদের আমন্ত্রণ জানান। পাশাপাশি জলবায়ুবান্ধব কৃষি ও মিথেন নিঃসরণ কমাতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

থ্রি-আর কৌশলে পরিচ্ছন্ন ভবিষ্যতের প্রত্যয়
বৈঠকে ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর প্রতি বাংলাদেশের জোরালো সমর্থন ঘোষণা করে তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে এই উদ্যোগ বাংলাদেশের জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকারের থ্রি-আর—বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃচক্রায়ন—কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার কথাও তুলে ধরেন তিনি। এ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশের ফার্স্ট স্পাউস।

বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে চাই অর্থায়ন ও প্রযুক্তি
বর্জ্যমুক্ত বিশ্ব গড়ার পথে শুধু প্রযুক্তি বা অবকাঠামো যথেষ্ট নয় বলে মনে করেন ডা. জুবাইদা রহমান। এ জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। একই সঙ্গে বেসরকারি খাতের অংশগ্রহণ, অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে এই উদ্যোগে যুক্ত করার ওপর জোর দেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে বিশ্ববাসীর প্রতি তাঁর আহ্বান, ‘আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।’ সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।

আরআই/এমকে


সম্পর্কিত খবর