তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার পরিসংখ্যান বিশ্লেষণ করলে সবচেয়ে বেশি উঠে আসে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর নাম। রাজপথের সংঘর্ষ, নির্বাচনী রক্তপাত, অভ্যন্তরীণ কোন্দল কিংবা বিরোধী দলের কর্মসূচি ঘিরে সংঘাত—বিভিন্ন পর্যায়ের সহিংসতায় দলটির সংশ্লিষ্টতার বিস্তৃত চিত্র উঠে এসেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও গণমাধ্যম বিশ্লেষণ প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্টের এক গবেষণাধর্মী বিশ্লেষণে।
বিশ্লেষণ অনুযায়ী, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত দলটির সংশ্লিষ্টতায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে অন্তত ১১ হাজার ৩০০টি। তিনটি পৃথক উৎসের উপাত্ত এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের সরকারি গেজেট পর্যালোচনা করে এই চিত্র তুলে ধরেছে সংস্থাটি।
- ১১ হাজার ৩০০ সহিংস ঘটনায় দলটির সংশ্লিষ্টতা, অভ্যন্তরীণ কোন্দলেই ঝরেছে বহু প্রাণ
- জুলাই গণ-অভ্যুত্থানে রাষ্ট্রীয় দমন-পীড়নের ভয়াবহ চিত্র
বুধবার (১১ নভেম্বর) ‘তিন দশকের রাজনৈতিক সহিংসতায় শীর্ষে আওয়ামী লীগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ এই সময়ে দেশের রাজনৈতিক সহিংসতার সবচেয়ে বড় অংশের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শুধু প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ নয়, দলটির অভ্যন্তরীণ কোন্দলও সহিংসতা ও প্রাণহানির অন্যতম বড় কারণ হয়ে উঠেছিল।
৩৭ হাজার ঘটনার হিসাবে আওয়ামী লীগ এগিয়ে
বাংলাফ্যাক্টের বিশ্লেষণে ব্যবহৃত বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার উপাত্ত অনুযায়ী, ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশে ৩৭ হাজার ৫৪৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।
২০২০ সালে প্রকাশিত ‘স্টুডেন্ট পলিটিকস অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় চারটি জাতীয় দৈনিকের সংবাদ বিশ্লেষণ করে এসব তথ্য সংগ্রহ করা হয়। দ্বৈত গণনা বাদ দিয়ে তৈরি এই উপাত্তে দেখা যায়, মোট ঘটনার ৩০ দশমিক ২ শতাংশে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল। সংখ্যায় যা প্রায় ১১ হাজার ৩০০।
একই সময়ে বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া যায় ২৫ দশমিক ২ শতাংশ ঘটনায়, যার সংখ্যা আনুমানিক ৯ হাজার ৫০০। ছাত্রলীগের সংশ্লিষ্টতা আলাদাভাবে পাওয়া গেছে ১৭ দশমিক ৯ শতাংশ ঘটনায়।
সহিংসতার শিকারদের পরিসংখ্যানও তাৎপর্যপূর্ণ। গবেষণায় দেখা যায়, রাজনৈতিক সংঘাতে আহতদের ৩৭ দশমিক ৭ শতাংশ এবং নিহতদের ২২ দশমিক ৩ শতাংশ ছিলেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সহিংসতার শিকার। গবেষকদের মতে, সংবাদমাধ্যমে সব ঘটনা প্রকাশিত না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
ক্ষমতার ভেতরেই সংঘাত, রক্তপাতও নিজেদের মধ্যে
রাজনৈতিক সহিংসতার আরেকটি উদ্বেগজনক দিক ছিল আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল। ২০২০ থেকে ২০২৪ সালের প্রথমার্ধ পর্যন্ত বিভিন্ন সংস্থার পরিসংখ্যানে দলটির নিজেদের মধ্যে সংঘাতের ধারাবাহিক চিত্র পাওয়া যায়।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২০ সালে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ছিল ৭৪টি। অথচ বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনা ছিল সাতটি। ২০২১ সালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অভ্যন্তরীণ সংঘাত বেড়ে দাঁড়ায় ৯৬টিতে। বিপরীতে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ছিল ১৮টি।
২০২২ সালের প্রথম চার মাসে দেশে ২০১টি রাজনৈতিক সংঘাতে ৪১ জন নিহত হন। এর মধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত ছিল ২৫টি, আর অন্য দলের সঙ্গে সংঘর্ষ ছিল ১৮টি।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে আধিপত্য বিস্তার এবং প্রতিদ্বন্দ্বিতা অনেক এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
এক বছরে ৯৬ প্রাণহানি, আহত ৯ হাজারের বেশি
২০২৩ সালেও রাজনৈতিক সহিংসতা কমেনি। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী, ওই বছর দেশে ৯৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯৬ জন নিহত এবং অন্তত ৯ হাজার ২৫৮ জন আহত হন।
সংস্থাটির পর্যবেক্ষণে, এসব ঘটনার বড় অংশের পেছনে ছিল আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ, নির্বাচনী সহিংসতা এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচির বিপরীতে ক্ষমতাসীন দলের ‘শান্তি সমাবেশ’ ঘিরে সংঘর্ষ।
২০২৪ সালের প্রথম ছয় মাসেও একই প্রবণতা অব্যাহত ছিল। আসকের হিসাব বলছে, এ সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪১ জনের মধ্যে ৩৫ জনই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের শিকার। অর্থাৎ মোট প্রাণহানির প্রায় ৮৫ শতাংশের কারণ ছিল দলটির অভ্যন্তরীণ সংঘাত। জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় এবং বিদ্রোহী প্রার্থীদের বিরোধ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
জুলাইয়ে সহিংসতার চূড়ান্ত বিস্ফোরণ
তবে আওয়ামী লীগ সরকারের শাসনামলের রাজনৈতিক সহিংসতার সবচেয়ে ভয়াবহ অধ্যায় হয়ে ওঠে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সরকারি গেজেটে এ গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৪৩ জন উল্লেখ করা হয়েছে। বাংলাফ্যাক্টের বিশ্লেষণে বলা হয়েছে, সরকারি তালিকায় তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ক্ষমতাসীন দলের সদস্যদের হামলায় নিহত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনেও উঠে এসেছে, জুলাই-আগস্টের আন্দোলনে অধিকাংশ প্রাণহানি ঘটেছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। আন্দোলন দমনে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের নির্দেশনার প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘের অনুসন্ধান দল। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
সহিংসতার দীর্ঘ ছায়া
১৯৯১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট—এই ৩৩ বছরের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদল, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ও রাজপথের আন্দোলনের সঙ্গে সহিংসতা বারবার জড়িয়ে পড়েছে। তবে বিভিন্ন সময়ের গবেষণা ও মানবাধিকার সংস্থার উপাত্ত একত্র করে বাংলাফ্যাক্টের বিশ্লেষণে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি বলে উঠে এসেছে।
পরিসংখ্যানের এই চিত্রে স্পষ্ট, রাজনৈতিক সহিংসতা কেবল বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে সীমাবদ্ধ ছিল না; ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ আধিপত্যের লড়াইও কেড়ে নিয়েছে বহু প্রাণ। আর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান সেই দীর্ঘ সহিংস রাজনৈতিক বাস্তবতার এক ভয়াবহ পরিণতি হিসেবে বাংলাদেশের ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।
এএইচ/ডিএইচ