গণমাধ্যম

পেশাদার সাংবাদিকতায় ফিরুক অনলাইন গণমাধ্যম, মানোন্নয়নে গুরুত্বারোপ তথ্য প্রতিমন্ত্রীর

অনলাইনে সংবাদ প্রকাশের সুযোগ বাড়ছে, বাড়ছে নিউজ পোর্টালের সংখ্যাও। কিন্তু সংখ্যার এই বিস্তারের সঙ্গে সংবাদমান, পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতার সমানতালে অগ্রগতি হচ্ছে কি না, সেই প্রশ্ন সামনে এনেছে সরকার। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড নিশ্চিত করতে দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

  • মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্টের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের আহ্বান
  • সরকারি বিজ্ঞাপন, অডিট, নিবন্ধন নবায়ন ফি বাতিল ও মালিকানা সুরক্ষায় নীতিমালা চায় ওনাব

তাঁর বক্তব্যে স্পষ্ট, অনলাইন গণমাধ্যমের বিকাশে সরকার সহযোগিতা করতে আগ্রহী। তবে সেই সহযোগিতার পাশাপাশি সংবাদ পরিবেশনায় দায়িত্বশীলতা, মানসম্মত কনটেন্ট এবং পেশাদার সাংবাদিকতার চর্চাও নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টিও সংবাদ পরিবেশনায় বিবেচনায় রাখতে হবে। তাঁর মতে, সংবাদমাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড থাকা জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না থাকলে পাঠক কোনো অনলাইন নিউজ পোর্টালের প্রতিই দীর্ঘমেয়াদে আগ্রহী থাকবেন না। তাই পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করার বিকল্প নেই।

দাবির তালিকায় বিজ্ঞাপন, অডিট ও নবায়ন ফি
মতবিনিময় সভায় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে উঠে আসে বেশ কিছু বাস্তব সমস্যা ও দাবি। এর মধ্যে রয়েছে সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ প্রকাশ, নিউজ পোর্টালের অডিটের ব্যবস্থা এবং প্রতিবছর নিবন্ধন নবায়নের ফি বাতিল। প্রতিমন্ত্রী জানান, উত্থাপিত দাবিগুলোর অধিকাংশই তাঁর কাছে যৌক্তিক মনে হয়েছে। তবে নতুন সরকারের পক্ষে একদিনে সব দাবি বাস্তবায়ন করা সম্ভব নয়। তারপরও অনলাইন গণমাধ্যমের বিকাশে সরকার সহযোগিতার মনোভাব নিয়ে এগোতে চায়।

নীতিমালার আলোচনায় আসছেন কনটেন্ট ক্রিয়েটররাও
অনলাইন সাংবাদিকতার পরিসর এখন আর শুধু প্রথাগত নিউজ পোর্টালে সীমাবদ্ধ নেই। কনটেন্ট ক্রিয়েটরদের প্রভাব ও কার্যক্রমও এই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে তাঁদের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। তবে নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে।

উদ্যোক্তাদের প্রশ্ন: প্রতিষ্ঠান টিকবে কীভাবে?
সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত এবং সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন নিউজ পোর্টালগুলোর টিকে থাকার স্বার্থে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা দরকার। এ ক্ষেত্রে সংগঠনের সদস্যদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, প্রতিবছর নিবন্ধন নবায়নের পরিবর্তে অনলাইন নিউজ পোর্টালগুলোকে অডিটের আওতায় আনার দাবি রয়েছে। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থাও করতে হবে।

তবে আলোচনায় উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়—অনলাইন সংবাদমাধ্যমের মালিকানা ও উত্তরাধিকার। নুরুল হুদা বলেন, অনলাইন সংবাদমাধ্যমে উদ্যোক্তারা বিপুল অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু কোনো উদ্যোক্তার মৃত্যু হলে তাঁর উত্তরাধিকারীরা কীভাবে প্রতিষ্ঠানের মালিকানা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা নেই। এ সমস্যার সমাধানে মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত পৃথক আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

সভায় সংগঠনের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবির, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান ও ইউসুফ হাওলাদার বক্তব্য দেন। এ সময় সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/আরআই/এমকে


সম্পর্কিত খবর