খেলা

আর্মব্যান্ড নয়, নেতৃত্বে হামজার প্রভাবেই মুগ্ধ ডুলি

প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব পেয়েছেন হামজা চৌধুরী। আর অধিনায়ক হিসেবে অভিষেকেই শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মাঠে নেতৃত্বের পাশাপাশি নতুন পজিশনেও নজর কেড়েছেন এই মিডফিল্ডার। তাঁর নেতৃত্বে পুরোপুরি আস্থাশীল কোচ টমাস ডুলি। কোচের মতে, বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে হামজার কোনো বিকল্প নেই।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজার পজিশনেও পরিবর্তন আনা হয়। এত দিন মাঝমাঠে রক্ষণাত্মক ভূমিকায় খেললেও এদিন তাঁকে দেখা যায় আক্রমণাত্মক মিডফিল্ডার বা ‘নাম্বার টেন’ হিসেবে। নতুন দায়িত্বে একটি গোলসহ দারুণ পারফরম্যান্স উপহার দেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

অধিনায়ক হিসেবে হামজার বিকল্প দেখছেন না ডুলি
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও হামজাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে কোচ টমাস ডুলি নিজের অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। এ নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি আশা করি, সে যখনই খেলবে, প্রতিটি ম্যাচেই অধিনায়কত্ব করতে চাইবে।’

আর্মব্যান্ড ছাড়াও সতীর্থদের নেতা হামজা
হামজার অধিনায়কত্ব নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ডুলি। তিনি বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন শুনেছিলাম হামজা অধিনায়ক হতে চায় না। আর সে কারণেই জামাল (ভূঁইয়া) অধিনায়ক ছিল। কিন্তু হামজার অধিনায়ক হওয়ার প্রয়োজনও আসলে নেই। সে যা বলে, বাকি খেলোয়াড়রা এমনিতেই তা অনুসরণ করে। তাই আর্মব্যান্ড তার কাছে গুরুত্বপূর্ণ নয়।’

মাঠে হামজার নেতৃত্বের বিশেষ দিক তুলে ধরে ডুলি বলেন, ‘রেফারির সঙ্গে কথা বলতে পারে, আমাদের দলে এমন খেলোয়াড় কার্যত একমাত্র সে-ই। মাঠে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এমন একজন খেলোয়াড় দলে থাকা প্রয়োজন।’

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপার পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে হামজার ফুটবলীয় দক্ষতার পাশাপাশি তাঁর নেতৃত্বও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সন্ধানী বার্তা/এসএ/টিসি


সম্পর্কিত খবর