চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে এ সুবিধা দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিটি বোর্ড থেকে বাছাই হবে ১০০ শিক্ষার্থী
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের তালিকা তৈরি করা হবে। প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে শিক্ষার্থী নির্বাচনের পর তাঁদের ল্যাপটপ দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের প্রকিউরমেন্ট শাখা পুরো প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে জানা গেছে।
জানুয়ারির মধ্যে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা
শিক্ষার্থীরা কবে নাগাদ ল্যাপটপ পাবেন, এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘আশা করছি, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া সম্ভব হবে।’
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ১০ আগস্ট। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
সন্ধানী বার্তা/এসএ/এমএসআইপি