দেশের গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিকগুলোর নাম পরিবর্তন করে ‘প্রাইমারি হেলথ সেন্টার’ (পিএইচসি) করার প্রস্তাব করা হয়েছে। তবে নাম বদলালেও বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলো বিলুপ্ত হবে না। বরং এসব কেন্দ্রের অবকাঠামো, সেবার পরিধি ও জনবল কাঠামোয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থায় গ্রামীণ মানুষের কাছাকাছি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজন অনুযায়ী উচ্চতর চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা থাকবে। এ জন্য চার বছর মেয়াদি ডিপ্লোমাধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রস্তাবও এসেছে।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবিত ‘বাংলাদেশের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রকল্পে এসব পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৯৩ কোটি টাকা।
নাম বদলের প্রস্তাব একনেকের বৈঠকে
গত ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তনের প্রস্তাব দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ওই বৈঠকে ‘হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং থ্রো এমএনসিএইচ সার্ভিস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এনসিডিএস কন্ট্রোল’ প্রকল্পের অনুমোদন নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাব দেন।
বৈঠকে অংশ নেওয়া কয়েকজনের ভাষ্য অনুযায়ী, সমাজকল্যাণমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে নেওয়া কমিউনিটি ক্লিনিক ধারণাটি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ধারণার আলোকে কেন্দ্রগুলোর নাম ‘প্রাইমারি হেলথকেয়ার সেন্টার’ এবং সংশ্লিষ্ট ট্রাস্টের নাম ‘প্রাইমারি হেলথকেয়ার ট্রাস্ট’ করার প্রস্তাব দেন তিনি।
মন্ত্রী বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলোতে দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত জনবলের ঘাটতির বিষয়টিও তুলে ধরেন। তাঁর মতে, এসব কেন্দ্রে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনবল নিয়োগ ও ব্যবস্থাপনায় পরিবর্তন প্রয়োজন। এ ছাড়া ৩ হাজার ৯৩৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রকে প্রাথমিক রেফারেল সেন্টার হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন তিনি।
ইউনিয়নে একটি সেন্টার, থাকবে তিনটি হাব
নতুন পরিকল্পনায় গ্রামীণ এলাকায় ইউনিয়নভিত্তিক একটি প্রাইমারি হেলথ সেন্টার ইউনিট থাকবে। এর সঙ্গে যুক্ত থাকবে তিনটি হাব। শহরাঞ্চলে ওয়ার্ড কিংবা জনসংখ্যার আকার ও সেবার চাহিদা অনুযায়ী ইউনিটের বিন্যাস নির্ধারণ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, হাবগুলো হবে মানুষের কাছাকাছি স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ, প্রাথমিক যোগাযোগ ও রোগীর নিয়মিত খোঁজখবর নেওয়ার স্থান। অন্যদিকে, সেন্টারে তুলনামূলক বিস্তৃত চিকিৎসাসেবা, মৌলিক রোগ নির্ণয়, ওষুধ সরবরাহ এবং রেফারেল ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের বাসস্থানের কাছাকাছি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীকে প্রয়োজন অনুযায়ী উচ্চতর স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
১১ হাজার ৯৯৩ কোটি টাকার প্রকল্প
স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৯৩ কোটি টাকা। প্রক্রিয়াকরণ শেষে অনুমোদন পেলে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাস্তবায়নে থাকবে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)।
গত ২৮ অক্টোবর প্রকল্পটি নিয়ে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এহছানুল হক।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, দেশে মোট ইউনিয়ন ৪ হাজার ৫৮৬টি এবং ওয়ার্ড ৪১ হাজার ২৭৪টি। প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি হাব নির্ধারণ করা হলে মোট হাবের সংখ্যা দাঁড়াবে ১৩ হাজার ৭৫৮টি। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৩৫০টি নতুন হাব নির্মাণ, ৫ হাজার ৯৩৬টি পিএইচসি হাব পুনর্নির্মাণ এবং ৮ হাজার ৩৪৮টি হাব মেরামতের পরিকল্পনা রয়েছে।
হাব নির্মাণে ব্যয় ৪২ থেকে ৫১ লাখ টাকা
প্রকল্পের আওতায় হাব নির্মাণ ও পুনর্নির্মাণে দুটি ধরন নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পিইসি সভায় জানান, টাইপ-এ হাব নির্মাণ করা হবে সমতল ভূমিতে। আর টাইপ-বি হাব হবে অপেক্ষাকৃত নিচু ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে—এমন এলাকায়। টাইপ-বি স্থাপনা পিলারের ওপর উঁচু করে নির্মাণ করা হবে। এতে সিঁড়ির পাশাপাশি র্যাম্পও থাকবে।
প্রতিটি টাইপ-এ হাব নির্মাণ বা পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ টাকা। টাইপ-বি হাবের জন্য এ ব্যয় ৫১ লাখ টাকা। প্রতিটি হাবের আয়তন হবে ৭৬৫ বর্গফুট। ভ্যাট, আয়কর, লভ্যাংশ ও ওভারহেডসহ প্রতি বর্গফুট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭১৭ টাকা। এসব খরচ বাদ দিলে প্রতি বর্গফুটে ব্যয় হবে ২ হাজার ৪৩৪ টাকা। এ ছাড়া ৮ হাজার ৩৪৮টি হাব মেরামতে প্রতিটির জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬ লাখ টাকা।
পুরোনো অবকাঠামো ব্যবহারে অর্থ সাশ্রয়ের চিন্তা
পিইসি সভায় বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলোর ব্যবহারযোগ্য ভবন, চিকিৎসা সরঞ্জাম, মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র নতুন প্রকল্পে কাজে লাগানোর বিষয়টি খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে নতুন করে অবকাঠামো ও সরঞ্জাম কেনার ব্যয় কমানো সম্ভব হতে পারে।
নাম পরিবর্তনের বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. এনামুল হক বলেন, কমিউনিটি ক্লিনিকের নাম বদলানোর বিষয়টি ঠিক। তবে এসব ক্লিনিক বিলুপ্ত করা হবে না। নতুন উদ্যোগে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হবে।
তিনি আরও বলেন, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মীদের সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। এতে সরকারি অর্থের অপচয় কমার পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সন্ধানী বার্তা/এমডি/জেএন