সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে মুখোমুখি অবস্থানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা। ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলে বিরোধী দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। ‘সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরা তো চাই এটা উৎসব হোক’—মন্ত্রীর এমন বক্তব্যের পরই বিরোধী সদস্যদের তীব্র হট্টগোল শুরু হয়। পাল্টাপাল্টি বক্তব্য, চিৎকার-চেঁচামেচি আর ডেপুটি স্পিকারের বারবার হস্তক্ষেপে শেষ পর্যন্ত শান্ত হয় পরিস্থিতি। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
- ২৮ ডিলারের সবাই বিএনপির, ১০ জন নেতাদের স্বজন—বিরোধী এমপির বিস্ফোরক অভিযোগ
- ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রশ্নে তুমুল হট্টগোল
- পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ ডেপুটি স্পিকারের
২৮ ডিলারের সবাই বিএনপির, ১০ জন নেতাদের স্বজন
সম্পূরক প্রশ্নে বিরোধী দলের ওই সংসদ সদস্য অভিযোগ করেন, সারা দেশে নিয়োগ পাওয়া সারের ২৮ জন ডিলারের সবাই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে ১০ জন দলীয় নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি। তিনি আরও অভিযোগ করেন, নাটোরে এক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত এক সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন। বিরোধী ওই সংসদ সদস্যের দাবি, সারা দেশে ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। সংরক্ষিত আসনের কয়েকজন সংসদ সদস্য অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকায় ডিও দিয়েছেন।
কোনো কোনো ক্ষেত্রে ১৫টি ইউনিয়নের বিপরীতে ৩০টি ডিও দেওয়ার অভিযোগও তোলেন তিনি। সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনদের ডিলারশিপ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগ আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও নতুন করে সুযোগ করে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তাঁর প্রশ্ন, এসব নিয়োগ কি পরিকল্পিতভাবে করা হয়েছে? ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সামনে আসার পর পুরো প্রক্রিয়া আবার পর্যালোচনা করবে কি না মন্ত্রণালয়?
মন্ত্রীর জবাবে ক্ষোভ
জবাব দিতে উঠে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য অনেকগুলো প্রশ্ন করেছেন। তবে তাঁর বক্তব্যে মূলত ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ হওয়ার বিষয়টি উঠে এসেছে। মন্ত্রী বলেন, ‘প্রথমে তিনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই।’
মন্ত্রীর এ বক্তব্যের পরই সংসদে শুরু হয় তুমুল হট্টগোল। বিরোধী দলের সদস্যরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রী তখন ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি ‘উৎসব’ শব্দটি ইতিবাচক অর্থে বুঝিয়েছেন। কেউ নেতিবাচক অর্থে নিলে সেটি ভিন্ন বিষয়।
‘আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা’
বিরোধী সদস্যদের হট্টগোলের মধ্যেই বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন কৃষিমন্ত্রী। ডেপুটি স্পিকারের উদ্দেশে তিনি বলেন, তিনি নতুন মন্ত্রী। এভাবে সাইড টক চলতে থাকলে বক্তব্য দিতে অসুবিধা হয়। বিরোধী সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁর জবাব অপছন্দ হলে তাঁরা আরেকটি প্রশ্ন করতে পারেন। তিনি আবারও জবাব দেবেন, এতে তাঁর কোনো অসুবিধা নেই।
নিয়োগপ্রক্রিয়ার ব্যাখ্যা দিলেন কৃষিমন্ত্রী
ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী জানান, নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)। মন্ত্রী বলেন, ডিলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনকারীদের যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়।
সেই নির্দেশনা অনুসরণ করেই আবেদন যাচাই-বাছাইয়ের কথা। তিনি জানান, আবেদনকারীরা প্রথমে ডিসি কার্যালয়ে আবেদন করেন। সেখান থেকে আবেদন পাঠানো হয় ইউএনওর কাছে। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করে। পরবর্তী সময়ে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। সেখানে ডিসির নেতৃত্বাধীন কমিটিতে উপদেষ্টা হিসেবে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে রাখার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
শেষ পর্যন্ত হস্তক্ষেপ ডেপুটি স্পিকারের
মন্ত্রীর বক্তব্যের মধ্যেই বিরোধী দলের সদস্যদের হট্টগোল অব্যাহত থাকলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁদের শান্ত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে বিরোধী দলের চিফ হুইপ বলেন, ‘আমাদের তো কথা বলার অধিকার আছে। জবাব দেওয়ারও অধিকার আছে।’ বিরোধীদলীয় নেতা সংসদে না থাকায় বিরোধী সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ডেপুটি স্পিকারের বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরও সংসদে উত্তেজনা থামেনি।
সদস্যদের উচ্চ স্বরে চিৎকার-চেঁচামেচির মধ্যে ডেপুটি স্পিকার বারবার তাঁদের আসনে বসার আহ্বান জানান। একপর্যায়ে তাঁর হস্তক্ষেপেই পরিস্থিতি শান্ত হয়। সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগের জবাবে কৃষিমন্ত্রীর বক্তব্যে সংসদে তৈরি হওয়া এই উত্তেজনা প্রশ্নবিদ্ধ নিয়োগপ্রক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
সন্ধানী বার্তা/এম/এএইচ