প্রাথমিক শিক্ষাকে শুধু পাঠ্যবই ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে শিশুদের কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক সমন্বিত শিক্ষা বা স্টেম (STEM) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে গণসাক্ষরতা অভিযান ও নেটজ-বাংলাদেশের যৌথ আয়োজনে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শিক্ষা
প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের এই সময়ে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব।
বর্তমানে অনেক শিশু অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল ডিভাইসে ব্যয় করছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন বদলে যাবে কিংবা কিছু কাজের প্রয়োজনীয়তা কমে আসবে।
তিনি বলেন, আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হলে প্রাথমিক স্তর থেকেই সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু শেখার সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু তথ্য জানা নয়, বরং তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি করাই হবে শিক্ষার অন্যতম লক্ষ্য।
পাঠ্যবইয়ের সঙ্গে যুক্ত হবে শিক্ষামূলক খেলনা
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার পরিমার্জিত কারিকুলামে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেম শিক্ষার বিষয়টি সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষামূলক খেলনা ও উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত খেলনা ও উপকরণ ব্যবহার করা যেতে পারে। কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের শিক্ষাসামগ্রী ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, সে বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে।
এ ক্ষেত্রে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।
শিশুদের জন্য তৈরি হচ্ছে ৪২০টির বেশি খেলা
আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করার জন্য নয়, বরং নতুন কিছু শেখার আনন্দ ও আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
এ লক্ষ্যে পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা ডিজাইনের কাজ শুরু হয়েছে। শ্রেণি ও পাঠভিত্তিক এসব খেলার মাধ্যমে বাংলা, গণিত, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের পাঠ শিশুদের কাছে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা হবে।
মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (প্রাথমিক) ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেটজ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। সমাপনী বক্তব্যে তিনি প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে সব শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী স্টেম শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ও যৌথ অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান।
এম/এএইচ