জাতীয়

সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই বড়—প্রয়াসের শিশুদের সঙ্গে স্বপ্নের আঙিনায় ডা.জুবাইদা রহমান

প্রতিটি শিশুর নিষ্পাপ চোখে আঁকা থাকে অগণিত স্বপ্ন, রঙিন আগামীর প্রতিচ্ছবি। কেউ রঙের তুলিতে আঁকতে চায় নিজের পৃথিবী, কেউ গানের সুরে প্রকাশ করতে চায় মনের কথা, আবার কেউ প্রযুক্তির হাত ধরে এগিয়ে যেতে চায় নতুন সম্ভাবনার দিকে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে প্রয়োজন উপযুক্ত পরিবেশ, পরিচর্যা, শিক্ষা এবং সবচেয়ে বেশি প্রয়োজন সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এমনই স্বপ্ন, সক্ষমতা ও সম্ভাবনার জগতে এক আন্তরিক উপস্থিতি নিয়ে হাজির হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সোমবার (৯ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’ পরিদর্শনে গিয়ে তিনি কাছ থেকে দেখলেন শিশুদের এগিয়ে চলার গল্প, তাদের সৃজনশীলতা এবং আত্মনির্ভর হওয়ার নিরন্তর প্রচেষ্টা।

  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতার অনন্য প্রকাশে মুগ্ধতা
  • বললেন, যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণেই বিকশিত হতে পারে প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা

প্রয়াসের আঙিনায় অনন্য এই আয়োজন যেন আরও একবার মনে করিয়ে দিল—প্রতিটি শিশুরই রয়েছে নিজস্ব আলো। সেই আলো জ্বালিয়ে দিতে প্রয়োজন ভালোবাসা, পরিচর্যা, শিক্ষা এবং সমান সুযোগ। সীমাবদ্ধতার দেয়াল পেরিয়ে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের এই প্রচেষ্টাই পারে আগামীর আরও মানবিক, দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে।

ফুলেল শুভেচ্ছায় বরণ, শিশুদের ভালোবাসায় প্রাণবন্ত প্রয়াস প্রাঙ্গণ
প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান প্রতিষ্ঠানের ও সেনাপরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয় তাকে। এ সময় পুরো আয়োজনজুড়ে তৈরি হয় এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।

পরিদর্শনের শুরুতে ডা. জুবাইদা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের শেখার অগ্রগতি, সৃজনশীলতা এবং নিজেদের সক্ষমতা প্রকাশের নানা উদ্যোগ পর্যবেক্ষণ করেন। এ সময় শিশুদের প্রতিভা ও অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, ‘প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।’

তার এই বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজনীয়তাও উঠে আসে। কারণ, একটি শিশুর সক্ষমতা নির্ধারণের মাপকাঠি তার সীমাবদ্ধতা নয়। সঠিক সুযোগ পেলে সে কতটা এগিয়ে যেতে পারে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দক্ষতা ও আত্মনির্ভরতার পরিচয়েই এগিয়ে যাবে শিশুরা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ডা. জুবাইদা রহমান। তিনি মনে করেন, এসব শিশুর জন্য শিক্ষা ও পরিচর্যার পাশাপাশি প্রয়োজন বাস্তবমুখী প্রশিক্ষণ এবং নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ। সেই জায়গা থেকে প্রয়াসের বহুমুখী কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জনের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। এসব সাফল্য দেশের জন্য গৌরব বয়ে এনেছে উল্লেখ করে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

সুপ্ত প্রতিভা বিকাশে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
ডা. জুবাইদা রহমানের বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব পায় সুযোগের সমতা নিশ্চিত করার বিষয়টি। তিনি আহ্বান জানান, সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে। প্রতিটি শিশুর ভেতরে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি। তার এই আহ্বান কেবল একটি প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসায় সীমাবদ্ধ নয়। এটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেয়।

মঞ্চে শিশুদের প্রতিভার ঝলক
পরিদর্শনের শেষ পর্বে প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান। শিশুদের পরিবেশনায় ফুটে ওঠে তাদের সৃজনশীলতা ও প্রতিভার নানা দিক। তিনি প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনকালে প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএএএমকে


সম্পর্কিত খবর