এক্সক্লুসিভ

অর্থপাচার ও সাইবার অপরাধ দমনে ঢাকা–সিঙ্গাপুরের যৌথ উদ্যোগ

অপরাধ এখন আর কোনো দেশের সীমানায় আটকে নেই। অর্থপাচার থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধ লেনদেন, সাইবার অপরাধ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধের বিস্তার—সবকিছুরই শিকড় ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরিসরে। আর এই নতুন বাস্তবতায় অপরাধ দমনে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও পারস্পরিক সহযোগিতাকে সামনে রেখে আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পুলিশি সম্পর্ক।

এ লক্ষ্যেই বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • অর্থপাচার, সাইবার অপরাধ ও ক্রিপ্টোকারেন্সির অন্ধকার জগৎ মোকাবিলায় যৌথ তদন্তের উদ্যোগ
  • প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণে গুরুত্ব

অপরাধের তদন্তে আসছে যৌথ এসওপি
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধ। এসব অপরাধের তদন্তে দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের প্রস্তাব দেন সিঙ্গাপুরের প্রতিনিধি। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি লেনদেন শনাক্তকরণ এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশের পুলিশকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

অপরাধের আগেই প্রতিরোধ
শুধু অপরাধ শনাক্ত নয়, অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন এবং সংকট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই পক্ষ। বিশেষ করে সন্ত্রাসী অর্থায়ন বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি ও তথ্য বিনিময় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

সিঙ্গাপুর পুলিশের সঙ্গে কাজ করতে আগ্রহ
বৈঠকে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে অপরাধ দমনে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন আইজিপি আলী হোসেন ফকির। এই বৈঠকের বার্তা স্পষ্ট—পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলায় শুধু প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষার কৌশল যথেষ্ট নয়; প্রয়োজন প্রযুক্তিনির্ভর তদন্ত, আন্তর্জাতিক তথ্য বিনিময় এবং সীমান্ত পেরিয়ে সমন্বিত পুলিশি সহযোগিতা। বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্ভাব্য এই অংশীদারত্ব সেই পথেই নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

ডিএইচ/এমকে


সম্পর্কিত খবর