রাজধানী ঢাকায় হঠাৎ করেই যেন বিস্ফোরণ আর আগুনের আতঙ্ক। কখনো পুলিশের গুরুত্বপূর্ণ কার্যালয়, কখনো থানা প্রাঙ্গণ, কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; আবার কখনো সড়কে দাঁড়িয়ে থাকা গণপরিবহণ। টানা দুই দিন ধরে রাজধানীর একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সামনে এসেছে ভয়ংকর এক চিত্র। হামলার লক্ষ্যবস্তু শুধু একটি নির্দিষ্ট এলাকা বা স্থাপনা নয়, বরং পুলিশি অবকাঠামো থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচলের যানবাহনও। প্রশ্ন উঠেছে, এসব কি বিচ্ছিন্ন নাশকতা, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো নেটওয়ার্ক? কারা মাঠে থেকে হামলা চালাচ্ছে, কারা দিচ্ছে অর্থ ও বিস্ফোরকের জোগান, আর কার নির্দেশনায় একের পর এক ঘটনা ঘটছে?
- দুই দিনে পুলিশি স্থাপনা, থানা, বিশ্ববিদ্যালয় ও গণপরিবহণে ধারাবাহিক হামলা
- একই চক্রের পরিকল্পনা, নাকি একাধিক গোষ্ঠী সক্রিয়?
- অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজছে পুলিশ
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়, পল্লবী থানা প্রাঙ্গণসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন ভাটারার নতুনবাজার এলাকায় আগুন দেওয়া হয় একটি স্কুলবাসে। এর আগের দিন শনিবার রাতেও মিরপুর ও মহাখালীতে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় পল্লবী থানা প্রাঙ্গণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লেগেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় মেট্রো স্টেশনটি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান। একই দিনে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সবচেয়ে উদ্বেগের বিষয়, হামলার বিস্তার ঘটেছে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। একই ধরনের ককটেল বিস্ফোরণ, দ্রুত পালিয়ে যাওয়ার কৌশল এবং যানবাহনে আগুন দেওয়ার ধারাবাহিকতা তদন্তকারীদের সামনে নতুন প্রশ্ন তৈরি করেছে।
পুলিশের কার্যালয়-থানাও নিরাপদ নয়
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয় ও বিশেষ শাখার (এসবি) কার্যালয় প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এর কিছুক্ষণ পর রাত সোয়া ৮টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি থানার ভেতরে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে এসআরবি-৪-এর এক সদস্য সামান্য আহত হন।
পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা প্রাঙ্গণে এমন হামলা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পেছনে কী উদ্দেশ্য কাজ করছে, তা এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা?
ককটেল বিস্ফোরণের পাশাপাশি গণপরিবহণে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে ধারাবাহিকভাবে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগে। একই রাতে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এর পরদিন রোববার সন্ধ্যায় ভাটারার নতুনবাজারের ১০০ ফুট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুড়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ছাড়া শনিবার বনানী ও মহাখালী এলাকায় সেতু ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অর্থাৎ দুই দিনে পুলিশের স্থাপনা, গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো, গণপরিবহণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের যানবাহন—বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা সামনে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ঘণ্টায় ৭-৮ বিস্ফোরণ
এদিন সন্ধ্যায় সবচেয়ে বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী এক ঘণ্টার মধ্যে টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, উপাচার্য চত্বর, ডাকসু ও মধুর ক্যানটিনসহ বিভিন্ন স্থানে অন্তত সাত থেকে আটটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, শাহবাগ এবং বাংলা একাডেমির আশপাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টা করার সময় দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, আটক দুজনকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
আটক ব্যক্তিদের সঙ্গে অন্য কারও যোগাযোগ রয়েছে কি না, তারা কোনো সংগঠিত গোষ্ঠীর হয়ে কাজ করেছেন কি না এবং বিস্ফোরণের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রকৃত চিত্র কী—এসব বিষয় তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নেপথ্যে আওয়ামী লীগ-ছাত্রলীগ, অভিযোগ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের অভিযোগ, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে শিগগিরই কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছেন তিনি।
পরিকল্পিত নাশকতা দেখছে পুলিশ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মনে করছে, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।
রোববার (৮ নভেম্বর) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, পরিস্থিতি বিশ্লেষণে একটি নির্দিষ্ট গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব নাশকতা চালানোর বিষয়টি ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এ ছাড়া ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরকদ্রব্য সংগ্রহের উৎস এবং নাশকতায় ব্যবহারের জন্য দাহ্য পদার্থ কেনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) আকতার হোসেন এ তথ্য জানান।
নির্দেশদাতাদের পরিচয়ও গুরুত্বপূর্ণ
ধারাবাহিক এসব ঘটনার পর তদন্তের কেন্দ্রে এখন শুধু কারা সরাসরি ককটেল ছুড়ছে কিংবা আগুন দিচ্ছে, সেই প্রশ্ন নয়। এর পেছনে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের পরিচয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একই ধরনের ঘটনা বিভিন্ন স্থানে ঘটলেও হামলাকারীরা একই নেটওয়ার্কের সদস্য কি না, তা এখনো নিশ্চিত নয়। বিস্ফোরক সংগ্রহের উৎস, দাহ্য পদার্থ কেনার তথ্য, হামলাকারীদের যোগাযোগ এবং বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে।
এ ক্ষেত্রে রাজনৈতিক অভিযোগকে তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। বরং প্রত্যক্ষ প্রমাণ, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, গোয়েন্দা তথ্য এবং আর্থিক লেনদেনের সূত্র ধরে পুরো নেটওয়ার্ক শনাক্ত করাই জরুরি।
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও গণপরিবহণে পরপর হামলার ঘটনায় নগরবাসীর মনে এখন একটাই প্রশ্ন—ঢাকাজুড়ে বিস্ফোরণ আর আগুনের এই ধারাবাহিকতার পেছনে আসলে কারা? বিচ্ছিন্ন কিছু দুর্বৃত্ত, নাকি সংগঠিত কোনো নাশকতাকারী চক্র? পুলিশ বলছে, তদন্ত চলছে। তবে মাঠপর্যায়ের হামলাকারীদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত করতে না পারলে এই ধারাবাহিক নাশকতার প্রকৃত চিত্র সামনে আসবে না।
সন্ধানী বার্তা/এমএসআইপি/এমকে