তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় এই ধারাবাহিকটি এরই মধ্যে চারটি সিজন পার করে পঞ্চম সিজনে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে দর্শকদের আগ্রহ ও ভালোবাসা পাওয়া সিরিজটি এবার শেষ হতে যাচ্ছে। চলতি মাসেই প্রচারিত হবে ‘ব্যাচেলর পয়েন্ট’ পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই এ ঘোষণা দেন। তিনি জানান, ১৭তম চ্যাপ্টারের মধ্য দিয়েই শেষ হবে পঞ্চম সিজন। শেষ অধ্যায়ে দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক।
শেষ চ্যাপ্টারে থাকছে দর্শকদের চাওয়া
ভিডিও বার্তায় অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের শেষ চ্যাপ্টার এ মাসেই রিলিজ হতে যাচ্ছে। এই লাস্ট চ্যাপ্টারে এমন অনেক জিনিস থাকছে, যেটা আপনারা অনেক বছর ধরে চাইছেন। সো, সবাই প্রস্তুতি নিন লাস্ট চ্যাপ্টারের জন্য।’
তবে শেষ চ্যাপ্টারটি ঠিক কোন তারিখে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতা। ফলে শেষ পর্বের জন্য অপেক্ষায় থাকা দর্শকদের এখন নজর মুক্তির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
শেষ পর্বে প্রিয় চরিত্রদের দেখতে চান ভক্তরা
পঞ্চম সিজন শেষ হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। নির্মাতার ঘোষণার পর ভক্তরা শেষ চ্যাপ্টারে নিজেদের পছন্দের চরিত্রগুলোকে দেখতে চাওয়ার প্রত্যাশা জানাচ্ছেন। কেউ রোকেয়ার উপস্থিতি চাইছেন, আবার কেউ শিমুলকে শেষ অধ্যায়ে দেখার আগ্রহ প্রকাশ করছেন।
একই সঙ্গে দর্শকদের মধ্যে আরেকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—পঞ্চম সিজনের পর কি আসবে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ষষ্ঠ সিজন? তবে এ বিষয়ে এখনো কোনো ইঙ্গিত দেননি কাজল আরেফিন অমি। ফলে পঞ্চম সিজনই ধারাবাহিকটির শেষ কি না, তা নিয়ে কৌতূহল রয়ে গেছে।
অসুস্থতা কাটিয়ে সুস্থ হচ্ছেন অমি
এদিকে বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। দাঁত ও গলার সমস্যার কারণে কয়েক দিন কথাও বলতে পারেননি তিনি। তবে ভিডিও বার্তায় অমি জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ আছেন। তার গলার অবস্থারও উন্নতি হয়েছে।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে। এসব চরিত্র ও তাদের অভিনয়ই ধারাবাহিকটির জনপ্রিয়তার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, ১৭তম চ্যাপ্টারে কী চমক নিয়ে হাজির হন নির্মাতা এবং দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশার কতটা পূরণ হয়।
সন্ধানী বার্তা/এসএ/জেএন

