বিনোদন

বয়স যেন থমকে আছে পূর্ণিমার সৌন্দর্যে

নব্বই দশকের শেষভাগ থেকে ঢালিউডে নিজের সৌন্দর্য, অভিনয় ও গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চলচ্চিত্রে তার পথচলার প্রায় তিন দশক হতে চলেছে। দীর্ঘ এই সময়ে অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন সচেতনতার কারণেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। বয়স চল্লিশ পেরোলেও তার রূপ ও তারুণ্য যেন এখনো আগের মতোই উজ্জ্বল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকের কয়েকটি ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলোতে পোশাকের পাশাপাশি বিশেষভাবে ফুটে উঠেছে তার চুলের সাজ ও নান্দনিক অনুষঙ্গ। নতুন এই লুক প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যাচ্ছে।

কালো পোশাকে আধুনিক সাজ

​
ছবি: অভিনেত্রীর ফেসবুক পেইজ থেকে

শেয়ার করা ছবিগুলোর একটিতে কালো রঙের আকর্ষণীয় টপসে দেখা গেছে পূর্ণিমাকে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজেও রেখেছেন পরিমিতি ও আভিজাত্যের ছাপ। সব মিলিয়ে তার লুকে ফুটে উঠেছে আধুনিক ও পরিশীলিত ফ্যাশন রুচি।

তবে পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে তার হেয়ারস্টাইল। কখনো চুল পেছনে পরিপাটি করে বেঁধে মাথায় পরেছেন ক্রিস্টাল পাথর ও মুক্তাখচিত কালো হেডব্যান্ড। আবার কখনো ক্লাসি বান বা আপডু হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত করেছেন ফুলের নকশার হেয়ার ক্লিপ ও ক্রিস্টাল হেয়ার পিন। চুলের সাজে এমন ভিন্নতা তার পুরো লুকে যোগ করেছে আলাদা মাত্রা।

তারুণ্য নিয়ে ভক্তের মজার মন্তব্য

​
ছবি: অভিনেত্রীর ফেসবুক পেইজ থেকে

নতুন ছবিগুলো প্রকাশের পর পূর্ণিমার সৌন্দর্য ও তারুণ্য নিয়ে ভক্তদের মধ্যে প্রশংসা দেখা গেছে। কেউ তার সাজের প্রশংসা করেছেন, কেউ আবার বয়সের তুলনায় তার চেহারায় ধরে রাখা তারুণ্য নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন নেটিজেন মজার ছলে লিখেছেন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮।’

ভক্তের এই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখার বিষয়টি নিয়ে অনুরাগীদের মুগ্ধতার প্রকাশ ঘটেছে। দীর্ঘদিনের চলচ্চিত্রজীবনেও পূর্ণিমা যে নিজের স্বতন্ত্র গ্ল্যামার ও ফ্যাশন সচেতনতা ধরে রেখেছেন, নতুন ছবিগুলোতে যেন তারই প্রতিফলন দেখা গেল।

সন্ধানী বার্তা/এসএ/জেএন


সম্পর্কিত খবর