শিক্ষা

শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন পরিদর্শনের সুযোগ

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সুযোগ তৈরি হচ্ছে। নবীন প্রজন্মকে দেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সম্প্রতি এ নীতিমালা অনুসরণের বিষয়ে দেশের মাদ্রাসাগুলোকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় সারা দেশের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত নীতিমালার উল্লেখ করে এ নির্দেশনা জারি করা হয়। এতে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

দেড় ঘণ্টায় যেসব স্থান ঘুরে দেখবে শিক্ষার্থীরা
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে তাদের। পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রমবিষয়ক ভিডিও দেখবে। পাশাপাশি তোশাখানা জাদুঘর, বঙ্গভবনের মূল ভবনের সামনের অংশ, এয়ার রেইড শেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ পাবে। মূল ভবনের সামনে ফটোসেশনের ব্যবস্থাও থাকবে।

এক দলে সর্বোচ্চ ৪০ শিক্ষার্থী
নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী বঙ্গভবন পরিদর্শনে অংশ নিতে পারবে। তাঁদের সঙ্গে শিক্ষক প্রতিনিধি হিসেবে তিন থেকে চারজন উপস্থিত থাকবেন। পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে বঙ্গভবনে যেতে হবে।

যেভাবে আবেদন করতে হবে
পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। তবে এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।

নীতিমালা অনুযায়ী, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরিদর্শনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে। এ ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করার নিয়ম রাখা হয়েছে।

সন্ধানী বার্তা/এসএ/এমএসআইপি


সম্পর্কিত খবর