বিনোদন

সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আইনি পদক্ষেপ

ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে মডেল-অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট ছবি ও লেখা দুই দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ আইনি নোটিশ পাঠানো হয়।

ফেসবুক পোস্ট ঘিরে অভিযোগ
নোটিশে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়া আনামের বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। এর মাধ্যমে সানায়ার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে। সেখানে তিশার নামে উদ্ধৃত একটি বার্তায় বলা হয়, ‘ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিব নে’। পরবর্তী সময়ে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে তার সম্মানহানি করা হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।

পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তির অভিযোগ
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, তিশার ফেসবুক পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি হয়েছে। সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার এবং নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত হলেও পোস্টে তাদের পেশাগত পরিচয় নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া ছবি প্রকাশের বিষয়টিকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে।

দুই দিনের মধ্যে পোস্ট সরানোর নির্দেশ
নোটিশে তানজিন নাহার তিশাকে তা পাওয়ার দুই দিনের মধ্যে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সঙ্গে সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আর্থিক মানহানির অভিযোগে এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। তবে এ বিষয়ে তানজিন নাহার তিশার বক্তব্য পাওয়া যায়নি।

সন্ধানী বার্তা/এএএন/জেএন


সম্পর্কিত খবর