জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে সরকার।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা কিং খালেদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তাঁরা দেশের কোন জেলার বাসিন্দা এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়েও কাজ চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত। নিহতদের জন্য দোয়া করেন তিনি এবং আশা প্রকাশ করেন, আহত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠবেন ও আর কোনো হতাহতের খবর আসবে না।

শামা ওবায়েদ আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এরই মধ্যে ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছে দেশ। নতুন এই ঘটনায় আরও দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। তিনি সংঘাত ও হামলা বন্ধের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও দেখভালের ওপর গুরুত্ব দিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশ মিশনকে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখতে, হতাহতের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং তাঁদের যথাসম্ভব নিরাপদে থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।

হামলার পর রিয়াদগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না বা কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—এ বিষয়ে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানান প্রতিমন্ত্রী।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সদ্য ঘটেছে। সৌদি সরকার এবং সংশ্লিষ্ট কোম্পানির মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে আহত বাংলাদেশিদের চিকিৎসা এবং সৌদি আরবে অবস্থানরত অন্য বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ মিশন।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর