২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ধাপভিত্তিক নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রমে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং বাজেটও বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও দলনিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।জনগণের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রতিনিধি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
গাইবান্ধার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জেলায় কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বড় ধরনের কাজ প্রয়োজন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের রুফটপ সোলার প্যানেল মহাপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠানগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের ৬৪ জেলায় দলমত নির্বিশেষে সমান উন্নয়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে মন্ত্রিসভার ৩০ জন মন্ত্রীকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি