জাতীয়

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি

বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় আধিপত্যবাদ বা দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভারতীয় আধিপত্যবাদ অবসানের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের দাবি বা হস্তক্ষেপ বিনা প্রতিরোধে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

ভারতীয় হাইকমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের দায়িত্ব কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং স্বাগতিক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তিনি ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াতের বিষয়টি উল্লেখ করে এর সমালোচনা করেন।

এ ছাড়া ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টিও তুলে ধরেন খোমেনী ইহসান। তিনি অভিযোগ করেন, তাদের প্রত্যর্পণ না করে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হাইকমিশনারের বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের জন্য অসম্মানজনক।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি সার্বভৌম। এটি একটি স্বাধীন রাষ্ট্র। কোনোভাবেই বাংলাদেশকে ভারতের কোনো রাজ্য হিসেবে বিবেচনা করা যাবে না।

সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্যসচিব আব্দুস সালাম ও মো. সাইদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর শওকত আমীন, মহাসচিব মাওলানা আবদুল করিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর