সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাকিবুল হাসানের জামিনের জন্য আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, রাকিবুল হাসান ঘটনার সঙ্গে জড়িত নন। রিমান্ডে নেওয়ার পরও রাষ্ট্রদ্রোহের অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষ আদালতে কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি। তাকে রাজনৈতিকভাবে মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাকিবুল হাসানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান ফেসবুকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন। ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
সন্ধানী বার্তা/এসকে/এমএসআইপি