দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

বিজিবি জানায়, এদিন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীন দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, ওষুধ ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪ হাজার ৫৯০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, ৬৩০ পিস ভারতীয় ইনজেকশন, ৩৬ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০ পিস ভায়াক্রাম ট্যাবলেট।

এ ছাড়া ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারী জাল, ১২ পিস ভারতীয় কসমেটিকস এবং ৪ পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।

৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি কাজ করছে।

তিনি আরও বলেন, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সন্ধানী বার্তা/এম/এসআইপি 


সম্পর্কিত খবর